গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তির পরিবর্তে বিদ্যমান চুক্তিই নবায়ন করতে চায় বাংলাদেশ। আগামী ১২ই ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় ঢাকা। তবে দুই দেশের মধ্যে আলোচনা কবে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানাননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের সঙ্গে আলোচনার অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘কন্টিনিউ করতে চাচ্ছি। নবায়ন হবে এবং সেটা অবশ্যই আমরা তাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি।’ তিনি বলেন, বাংলাদেশের জন্য গঙ্গা চুক্তি কতটা গুরুত্বপূর্ণ, তা ভারত ভালোভাবেই জানে। বাংলাদেশ আশা করে, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দেয়া চিঠির জবাব দেবে। এরপর দুই দেশের মধ্যে যে আলোচনা হওয়া প্রয়োজন, তা শুরু করা সম্ভব হবে।
বিদ্যমান চুক্তি নবায়ন, নাকি নতুন চুক্তির বিষয়ে বাংলাদেশ আলোচনা করতে চায়—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনার টেবিলে বসার পরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে চুক্তি নবায়ন হবে, নাকি নতুন চুক্তি হবে, তা নির্ধারিত হবে। তবে তিনি স্পষ্ট করেন, আপাতত বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে চায় বাংলাদেশ। তার ভাষায়, ‘১২ই ডিসেম্বরে তো এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমরা চাই যে চুক্তি ছিল সেটাই আবার নবায়ন হোক। নতুন চুক্তি হওয়ার তো স্কোপ এখানে আসতেছে না।’
ভারত আলোচনায় বসতে চায় কিনা, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘ ইন্ডিয়ান হাইকমিশনে গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করেন যে ওনারা কী চাচ্ছেন, কারণ আমরা তো চিঠি দিয়ে দিয়েছি।’
এর আগে এক সাংবাদিক দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক নিয়ে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রসঙ্গ তুলে জানতে চান, চলতি বছরের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কোনো পর্যায়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে কিনা। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যথাসময়েই দুই দেশের প্রধান বসবেন এবং যথাসময়েই সব সমস্যার সমাধান হবে।’