আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তিনদিনব্যাপী এই ধারাবাহিক সংলাপ শুরু হবে আগামী ২৯ নভেম্বর। চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজন ছাড়াও নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।
ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার জানিয়েছেন, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এই তিনদিনের সংলাপে অংশ নিতে ইসিতে নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে ৫১টি দলের সঙ্গে সংলাপ হয়েছিল। এবার এসব দলের পাশাপাশি জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে নতুন করে নিবন্ধন পাওয়া চারটি দলের সঙ্গেও মতবিনিময় করবে ইসি।
এর আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছিল ইসি। জেলা নির্বাচন কর্মকর্তারা তপশীল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবেন। গত ১২ অক্টোবর কমিশন সভায় দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি ভোটের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল।
এবার নির্দলীয়ভাবে স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ইউপি পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী বছরের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা
ইউপি নির্বাচন সামনে আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এই তালিকায় থাকা ভোটাররাই এবারের ইউপি নির্বাচনে ভোট দিতে পারবেন।
মঙ্গলবার ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, চূড়ান্ত ভোটার তালিকায় চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাঁরাও যুক্ত হবেন।
সবশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। চূড়ান্ত ভোটার তালিকায় এই সংখ্যা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে ইসি সূত্র।
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরির নির্দেশ ইসির
ইউপি নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি শুরু করেছে ইসি। এ লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের উপযোগী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল তৈরির নির্দেশ দিয়েছে সংস্থাটি।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল প্রস্তুত করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদভিত্তিক তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, প্রিজাইডিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা এবং ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে। এছাড়া সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও করপোরেশনের কর্মকর্তাদেরও প্যানেলে রাখা যাবে।