রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন




প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া: পররাষ্ট্র মন্ত্রণালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:২০ pm
MoFA Ministry Of Foreign Affairs Ministry-Of-Foreign-Affairs পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন Foreign Minister AK Abdul Momen Ministry of Foreign Affairs পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়
file pic

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া বক্তব্য ভারতীয় কয়েকটি মিডিয়ায় ভুলভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। গত ১৯শে নভেম্বর লালমনিরহাটে দেয়া বক্তব্যে বাংলাদেশে আওয়ামী লীগের সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন বলে ভারতীয় কিছু সংবাদমাধ্যম যে খবর প্রকাশ করেছে, তা সঠিক নয়।

রোববার এ বিষয়ে জানতে চাইলে বার্তা সংস্থা ইউএনবিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। এসব মিডিয়া তার বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে।

কর্মকর্তা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা দেশে তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে গুরুতর সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব প্রত্যক্ষ করেছে। তিনি আরও বলেন, তারা তাদের সন্ত্রাসকে বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যা তৈরি করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, তাদের জঘন্য কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রবাসী বাংলাদেশিদের নেতিবাচকভাবে উপস্থাপন করে তারা তাদেরও ক্ষতি করছে। এই ভয়াবহ হুমকির শিকড় ছড়িয়ে পড়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে।

এর আগে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ প্রসঙ্গে দেশটির অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। এই সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে আমরা আগ্রহী নই।

গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ১৬ বছর জোর করে দেশ শাসনের পর তারা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলেও আবারও অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, গত কয়েক দিনে তারা কী করছে, তা দেখুন। দেশ ছেড়ে পালিয়েও তারা আবারও আগুন সন্ত্রাস ও মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। পেছন থেকে মানুষের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করছে।

এর আগে লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আসুন, ২০২৪ সালের মতো আবারও আমরা প্রস্তুতি নিই, যাতে এই সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে পারি। আজ আমি সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD