রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন




বিদেশে মিশনকর্মীদের সন্তানের পড়াশোনার ৮৫ শতাংশ খরচ দেবে সরকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১২:১২ pm
Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন
file pic

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কর্মরত স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পড়াশোনার খরচের ৮৫ শতাংশ বহন করবে সরকার। বাকি ১৫ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে। দেশভেদে চারটি গ্রুপে ভাগ করে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য পৃথক হারে শিক্ষা ভাতা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায় পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে।

গত ১৯ নভেম্বর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১-এর ব্যয় ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে কর্মরত স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ভাতার হার নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ‘ক’-এর মিশনগুলোতে এ-লেভেল পর্যন্ত পড়াশোনার জন্য প্রথম সন্তানের ক্ষেত্রে ২৫ হাজার এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ৩৫ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রথম সন্তানের জন্য ২৫ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ৩৮ হাজার ডলার দেওয়া হবে।

গ্রুপ ‘খ’-এর মিশনগুলোতে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম সন্তানের জন্য ২১ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

গ্রুপ ‘গ’-এর ক্ষেত্রে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম সন্তানের জন্য ২১ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ২৮ হাজার ডলার দেওয়া হবে।

অন্যদিকে গ্রুপ ‘ঘ’-এর মিশনগুলোতে এ-লেভেল পর্যন্ত প্রথম সন্তানের জন্য ২০ হাজার ৫০০ এবং দ্বিতীয় সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রথম সন্তানের জন্য ২১ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ২৫ হাজার ডলার বরাদ্দ রাখা হয়েছে।

গ্রুপ ‘ক’-এর আওতায় রয়েছে পূর্ব এশিয়ার বেইজিং, সিউল, টোকিও ও হংকং; দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা; মধ্যপ্রাচ্যের দোহা এবং ইউরোপের ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর মিশন।

গ্রুপ ‘খ’-এর আওতায় রয়েছে ওশেনিয়ার ক্যানবেরা, সিডনি ও ওয়েলিংটন; দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যাংকক, ইয়াঙ্গুন, সিট্যুয়ে ও কুয়ালালামপুর; দক্ষিণ এশিয়ার কাঠমান্ডু, থিম্পু, মুম্বাই, নয়াদিল্লি, করাচি ও ইসলামাবাদ।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের আম্মান, দুবাই, আবুধাবি, কুয়েত সিটি, জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশন, রিয়াদ, বাগদাদ ও খার্তুম; আফ্রিকার আদ্দিস আবাবা ও আবুজা এবং ইউরোপের লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, মাদ্রিদ, রোম, বুখারেস্ট, ইস্তাম্বুল ও আঙ্কারার মিশনও এ গ্রুপে রয়েছে।

আমেরিকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস; কানাডার অটোয়া ও টরন্টো এবং মেক্সিকো সিটি ও ব্রাজিলের ব্রাসিলিয়ার মিশনও গ্রুপ ‘খ’-এর অন্তর্ভুক্ত।

গ্রুপ ‘গ’-এর আওতায় রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর সিটি, হ্যানয়, ম্যানিলা ও বন্দর সেরি বেগাওয়ান; দক্ষিণ এশিয়ার চেন্নাই ও মালে; মধ্যপ্রাচ্যের বৈরুত, মানামা, কায়রো ও তেহরান।

এ ছাড়া আফ্রিকার নাইরোবি, প্রিটোরিয়া, আলজিয়ার্স, ত্রিপোলি ও ফ্রিটাউন এবং ইউরোপের এথেন্স, কোপেনহেগেন, বার্লিন ও লিসবনের মিশন এ গ্রুপে রয়েছে।

গ্রুপ ‘ঘ’-এর আওতায় রয়েছে পূর্ব এশিয়ার কুনমিং; দক্ষিণ এশিয়ার কলম্বো, কলকাতা, গোহাটি ও আগরতলা; মধ্য এশিয়ার তাসখন্দ; মধ্যপ্রাচ্যের মাস্কাট এবং আফ্রিকার রাবাত ও পোর্ট লুইসের মিশন।

প্রজ্ঞাপনে শিক্ষা ভাতা পাওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের প্রকৃত শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ তাঁদের ব্যক্তিগতভাবে বহন করতে হবে। একজন কর্মকর্তা-কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাবেন।

নন-ইংলিশ স্পিকিং দেশে মাধ্যমিক বা উচ্চশিক্ষা পর্যায়ে ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ সীমিত থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানের পড়াশোনার ব্যবস্থা করতে পারবেন। সে ক্ষেত্রে তিনি যে মিশনে কর্মরত, সেই মিশনের জন্য অনুমোদিত শিক্ষা ভাতার হার প্রযোজ্য হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ফি ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি প্রতিষ্ঠানের হিসাবে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত হিসাবে এ অর্থ দেওয়া যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ ফি একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে। এ ক্ষেত্রে তার ব্যক্তিগত অংশ মিশনের অ্যাকাউন্টে বা সংশ্লিষ্ট হিসাব কোডে জমা দেওয়ার পর মিশন শিক্ষা ফির সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারবে।

অর্থ বিভাগ থেকে আগে জারি করা শিক্ষা ভাতা-সংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD