শীত উপলক্ষে নতুন মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে স্মার্ট প্রযুক্তির গিজার, বিভিন্ন নকশার ইলেকট্রিক কেটলি এবং এয়ার কুলার ও হিউমিডিফায়ার সুবিধাসহ কম্বো রুম হিটার।
বুধবার বিকেলে রাজধানীতে ওয়ালটনের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
ওয়ালটনের নতুন গিজারগুলোর মধ্যে রয়েছে আইওটি-ভিত্তিক ওয়াই-ফাই সংযোগ, স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণের সুবিধাসম্পন্ন ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেল। এ ছাড়া রয়েছে দুইভাবে স্থাপনের সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল।
নতুন ইলেকট্রিক কেটলির মধ্যে রয়েছে ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক সিরিজের কয়েকটি মডেল। শীতের পাশাপাশি গরমের সময়ও ব্যবহারের উপযোগী করে কম্বো মডেলের রুম হিটার এনেছে প্রতিষ্ঠানটি। এতে ঘর গরম করার পাশাপাশি এয়ার কুলার ও বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে।
অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, ওয়ালটনের প্রতিটি হোম অ্যাপ্লায়েন্স বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ আস্তরণ প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিএফসি-মুক্ত থার্মাল ইনসুলেশনের মাধ্যমে তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত তাপে দুর্ঘটনা এড়াতে রয়েছে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা।
তিনি আরও জানান, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে খাদ্য সংস্পর্শে ব্যবহারের উপযোগী পরীক্ষিত ও সনদপ্রাপ্ত উপকরণ ব্যবহার করা হয়েছে। পণ্যগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও পরিবেশবান্ধব উপকরণও যুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজারটি অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণ করা যাবে। ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ ব্যবহার করে যেকোনো স্থান থেকেও এটি পরিচালনা করা সম্ভব। গিজারটিতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সুবিধা রয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে সাত বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।