বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন




নাচ থেকে গানে, বয়কট থেকে বিশ্বরেকর্ড রুনা লায়লার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:০৪ pm
রুনা লায়লা Shilpi singer Runa Laila সংগীত শিল্পী রুনা লায়লা
file pic

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ৬০ বছরের বেশি সময় পেশাদার সংগীতজীবন পার করছেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে ১০ হাজারের বেশি গান গেয়েছেন। উর্দু, হিন্দি, বাংলাসহ আরও অনেক ভাষায় তার কণ্ঠ শোনা যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জন্মদিন রুনা লায়লার। এই দিনে জেনে নেওয়া যাক তার সংগীত জীবনের ৬টি উল্লেখযোগ্য ঘটনা…

চলতি বছরে প্রথমবার শিল্পকলায়

ছয় দশকের ক্যারিয়ারে চলতি বছর প্রথমবার শিল্পকলায় গান করেছেন রুনা লায়লা। গত ২৪ জুলাই শিল্পকলার মঞ্চে দেখা যায় তাকে। তিনি জানান, ছয় দশকের ক্যারিয়ারে এর আগে কখনও শিল্পকলায় গান করেননি। সে কারণে আয়োজনটি তার জন্য ছিল বিশেষ।

নাচ থেকে গানে

ছোটবেলায় রুনা লায়লার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। নাচ তার পছন্দ ছিল। পাকিস্তানের করাচিতে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে তাকে নাচ শেখার জন্য ভর্তি করেন মা আমিনা লায়লা। এই প্রতিষ্ঠানে চার বছর নাচ শিখেছেন তিনি। শিক্ষক ছিলেন আফরোজা বুলবুল। রুনা তার কাছ থেকে শিখেছেন কত্থক আর ভরতনাট্যম।

প্রথম গান রেকর্ড

বাবার চাকরির সূত্রে ছোটবেলা কেটেছিল পাকিস্তানে রুনা লায়লার। সেখানে পড়াশোনা, বেড়ে ওঠা এবং সংগীতজীবনের শুরু। ১৯৬৪ সালের ২৪ জুনে করাচির ইস্টার্ন স্টুডিওতে প্রথম গান রেকর্ড করেন তিনি। পরের বছর ১৯৬৫ সালে ‘জুগনু’ ছবির সেই গান মুক্তি পায়। উর্দু ভাষার এই ছবির গানের শিরোনাম ছিল ‘গুড়িয়া সি মুন্নি মেরি’। তখন তার বয়স ১২ বছর।

তিনবার বয়কট

সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে ফিরে আসেন রুনা লায়লা। ফিরে আসার পর অনেকে তাকে শুভকামনা জানালেও কেউ কেউ তার সাফল্যে ঈর্ষান্বিতও ছিলেন। তাই বারবার বাধার মুখে পড়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমাকে বিভিন্ন সময়ে তিনবার বয়কট করা হয়েছে। সেই সময়গুলো আমার জন্য কঠিন ছিল। কিন্তু আমার আত্মবিশ্বাস, যোগ্যতা এবং শ্রোতাদের ভালোবাসায় সবকিছু পেরিয়ে এসেছি। যে কাউকে নিজের যোগ্যতায় এগিয়ে যেতে হয়।’

ফারাক্কার বিনিময়ে রুনা

ভারতের সাংবাদিক খুশবন্ত সিং একবার রুনা লায়লার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কনসার্ট শেষে তিনি বলেছিলেন, ‘গান শুধু শোনার বিষয় নয়, দেখারও বিষয়।’

রুনা বলেন, ‘এর পর তিনিই ফারাক্কার বিনিময়ে আমাকে চেয়েছিলেন। এটা শুধু ভালোবাসা থেকেই বলা হয়েছিল। ভালোবাসার আলাদা ভাগ হয় না। শ্রোতাদের ভালোবাসাই যে কোনও শিল্পীর সবচেয়ে বড় শক্তি। আমি কোনও দেশের শ্রোতার ভালোবাসাকে কখনও আলাদাভাবে দেখিনি।’

জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
গিনেস বুকে রুনা

পাকিস্তানে নিসার বাজমির সুর করা অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন রুনা। মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান তাকে দিয়ে নিসার বাজমির সুরে গান করান। প্রতিদিন এই সুরকারের ১০টি করে তিন দিনে মোট ৩০টি গান রেকর্ড করেন তিনি। পরে তা বিশ্ব রেকর্ড হিসেবে স্থান পায় গিনেস বুকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD