রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ ঘটনায় গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশের প্রাথমিক ধারণা, সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে থাকতে পারেন। সিসি ক্যামেরার ফুটেজ পেলে বিষয়টি পরিষ্কার হবে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে হাতিরঝিল থানার মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে আসিফ আকবরের ঢাকা-মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়িটি রাখা ছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় আসা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে সেটি জব্দ করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন। তবে তাকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল কি না কিংবা এর পেছনে ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে থাকতে পারে।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি এবং আসিফ আকবর নিজেও কোনো কিছুই বলতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে।
বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মো. আবুল বাশার তালুকদার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।