দেশের সামষ্টিক অর্থনীতিতে বিদ্যমান মুদ্রাস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে অস্থিরতা, অর্থায়ন ব্যয় বৃদ্ধি, ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতা ইত্যাদি নানান প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও টেসকই এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
কোম্পানির পরিচালনগত দক্ষতা শক্তিশালীকরণ, কার্যকরী মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) সর্বোত্তম ব্যবহার, আর্থিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ালটন হাই-টেকের পর্ষদ সময়োপযোগি কৌশলগত পরিকল্পনা এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে চলছে। এরই ফলশ্রুতিতে বিদ্যমান নানান অর্থনৈতিক ও ব্যবসায়িক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলার মাধ্যমে ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২৬) কোম্পানিটি কর পরবর্তী নিট মুনাফা, বিক্রয়, ইপিএস ও এনএভিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত সময়ের প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বুধবার (১১ নভেম্বর, ২০২৬) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২০২৭ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে, প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট রেভিনিউর পরিমাণ দাঁড়িয়েছে ১৬৭৯.৪৩ কোটি টাকায়। আগের বছরের একই সময়ে ওয়ালটনের নিট রেভিনিউর পরিমাণ ছিলো ১৪৫১.০৩ কোটি টাকা। সেই হিসাবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয় বেড়েছে ১৫.৭৪ শতাংশ। এরই প্রেক্ষিতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ২২৪.৭৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২২০.৮৯ কোটি টাকা
চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬.৭৪ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ৬.৬৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮৭.০৬ টাকায় এবং এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮.০১ টাকায় উন্নীত হয়েছে।
পূর্ববর্তী বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো’র পরিমাণ (এনওসিএফপিএস) হ্রাস সত্ত্বেও কোম্পানিটি আলোচ্য সময়ে ইতিবাচক নিট পরিচালন নগদ প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে বলে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়। কোম্পানির পরিচালনগত দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা এবং অংশীজনদের জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে সুশৃঙ্খল কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, দেনাদারদের থেকে প্রাপ্য অর্থ আদায় ত্বরান্বিত করা, সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়চক্রের সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিচক্ষণ তারল্য ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব প্রদান অব্যাহত রেখেছে ওয়ালটন ম্যানেজমেন্ট।