বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন




৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২:৫১ am
সৌরবিদ্যুৎ বিদ্যুৎ solar cell panel electric solar power plant সৌরশক্তি সৌর শক্তি সোলার সৌর প্যানেল সূর্য আলো বিদ্যুৎ
file pic

বিশ্বজুড়ে ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। এ উদ্যোগের অংশ হিসেবে দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে ৫ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগের ৮০ শতাংশই আন্তর্জাতিক উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ সোমবার বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ উদ্যোগে যুক্ত হয়েছে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু। এর আগে অস্ট্রেলিয়া এ ঘোষণায় সমর্থন দিয়েছিল।

বৈশ্বিক এ উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। এ জন্য ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঘোষণায় সমর্থন জানিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক পরিকল্পনায় প্রায় ৮ লাখ ৭০ হাজার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা রয়েছে।

প্রস্তাবিত অর্থায়ন পরিকল্পনা অনুযায়ী, এ খাতে মোট বিনিয়োগের ২০ শতাংশ আসবে দেশীয় উৎস থেকে। বাকি ৮০ শতাংশ প্রয়োজন হবে আন্তর্জাতিক অর্থায়ন থেকে। সে হিসাবে প্রায় ১ লাখ ৭৪ হাজার ছাদে নিজস্ব অর্থায়নে এবং বাকি ৬ লাখ ৯৬ হাজার ছাদে আন্তর্জাতিক সহযোগিতায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ছাদগুলোকে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের পাশাপাশি অর্থনৈতিক সুযোগের উৎস হিসেবে গড়ে তুলতে সহজ শর্তে অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও বিনিয়োগ নিশ্চিত করার জন্য বৈশ্বিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে জ্বালানি আমদানির বাড়তি ব্যয় ও সরবরাহসংকট বিদ্যুৎ উৎপাদন ও অর্থনীতিতে চাপ তৈরি করছে। এমন পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে জ্বালানির বিকল্প উৎস হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাকিস্তানের অভিজ্ঞতা হতে পারে বাংলাদেশের অনুপ্রেরণা বৈশ্বিক ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল সি বড়ুয়া বলেন, সম্প্রতি অফ-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান বিশ্বে নজির স্থাপন করেছে। দেশটির এ অভিজ্ঞতা বাংলাদেশের মতো জ্বালানিসংকটে থাকা দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে।

তিনি বলেন, পাকিস্তানের মতো বাংলাদেশও তীব্র জ্বালানিসংকটের মুখোমুখি। তবে সম্প্রতি নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের ইতিবাচক অবস্থান দেখা যাচ্ছে। সৌরবিদ্যুতের জন্য বিশেষ অধ্যাদেশ প্রণয়নের পাশাপাশি কর-সুবিধা, অর্থায়নব্যবস্থা ও বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দীপাল বড়ুয়া আরও বলেন, এসব উদ্যোগের ফলে শিল্পকারখানা এবং জাতীয় গ্রিডের বাইরে থাকা পরিবারগুলোর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটছে। পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ ও জ্বালানিসংকটে থাকা অন্যান্য দেশের জন্য মডেল হতে পারে।

শুধু লক্ষ্যমাত্রা নয়, দরকার দেশীয় সরবরাহব্যবস্থা

তবে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে শুধু লক্ষ্যমাত্রা ঘোষণা যথেষ্ট নয় বলে মনে করেন নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার মতে, এ খাতে টেকসই অগ্রগতির জন্য দক্ষ দেশীয় সরবরাহব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, নতুন সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার দেখিয়েছে। বিভিন্ন নীতিগত ও বাস্তবায়নমূলক পদক্ষেপেও এর প্রতিফলন রয়েছে। তবে এলএনজি অবকাঠামো সম্প্রসারণ এবং বিদ্যুৎ উৎপাদনে দেশীয় কয়লা উত্তোলনের পরিকল্পনা সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। দীর্ঘ মেয়াদে এসব উদ্যোগ আর্থিকভাবে টেকসই নাও হতে পারে।

রাষ্ট্রীয় জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোর আর্থিক লোকসান কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

পাকিস্তানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জ্বালানি খাতে ভর্তুকি ধীরে ধীরে প্রত্যাহারের পরামর্শ দিয়ে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এতে সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর লোকসান কমতে পারে। পাশাপাশি গ্রাহকদের গ্যাস, এলএনজি, ডিজেল ও এলপিজির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা সম্ভব। এ ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ বড় ভূমিকা রাখতে পারে।

তার মতে, তাৎক্ষণিক জ্বালানিসংকট মোকাবিলার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে ধীরে ধীরে রূপান্তর এবং ব্যয়বহুল নীতিগত ভুল এড়িয়ে চলাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য

বৈশ্বিক এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী এবং কপ৩১ সম্মেলনের আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ অস্ট্রেলিয়ার জ্বালানি রূপান্তরে পরিবারগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে। দেশটির প্রতি তিনটি বাড়ির একটিতে সৌরবিদ্যুতের প্যানেল রয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ হার। অন্যান্য দেশেও এ অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়াই বৈশ্বিক ঘোষণার অন্যতম লক্ষ্য।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের জলবায়ু অর্থায়ন ও অংশীজন সম্পৃক্ততাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষ সহকারী ইব্রাহিম এ শেলেং বলেন, সৌরবিদ্যুৎ অবকাঠামোয় বিনিয়োগ জ্বালানি স্বনির্ভরতা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘ মেয়াদে অবকাঠামো ব্যয় কমাতে সহায়তা করতে পারে।

বৈশ্বিক রুফটপ সোলার ঘোষণায় জাতীয়, রাজ্য ও স্থানীয় সরকারগুলোকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ এবং বাড়িতে ব্যাটারি ব্যবহারের প্রসার ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। এ জন্য সহজ অনুমোদনপ্রক্রিয়া, সাশ্রয়ী অর্থায়ন, আধুনিক বিদ্যুৎ গ্রিড, সবার জন্য সমান সুযোগ এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈশ্বিক সৌর কাউন্সিল ও সোলার সিটিজেনস নতুন দেশগুলোর এ ঘোষণায় যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছে। সংস্থা দুটির মতে, আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পরিবারগুলোর কাছে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব।

তবে উদীয়মান অর্থনীতির দেশগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে এখনো বড় বাধা হয়ে রয়েছে পর্যাপ্ত অর্থায়নের অভাব, দুর্বল বিদ্যুৎ গ্রিড অবকাঠামো এবং দক্ষ জনবলের সংকট। এসব বাধা দূর করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোই বৈশ্বিক উদ্যোগটির মূল লক্ষ্য।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD