আগামী বছরের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে। তবে নতুন পদ্ধতিতে অভ্যস্ত হওয়ার সুবিধার্থে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ-চালানের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও শুল্ক পরিশোধ করা যাবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে ‘দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯’-এর ১১এ ধারা এবং ‘দ্য স্ট্যাম্প ডিউটিজ অ্যাক্ট, ১৯৭৪’-এর ২(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ-চালান পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সরকারি এ-চালান ব্যবস্থার ওয়েবসাইট www.achallan.gov.bd ব্যবহার করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল তৈরি করতে কাটিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল জমা দেওয়ার সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। পাশাপাশি দলিলের প্রথম পাতায় শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।
বীমা পলিসির ক্ষেত্রে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করলে রসিদের মুদ্রিত কপি পলিসির সঙ্গে সংযুক্ত করতে হবে। রসিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। একই সঙ্গে পলিসির প্রথম পাতায় এ-চালান নম্বর লিখতে হবে।
প্রজ্ঞাপনে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে একযোগে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রেও শর্ত দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যাদের পক্ষে শুল্ক পরিশোধ করা হবে, প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে টিআইএন, জাতীয় পরিচয়পত্র নম্বর, বিআইএন অথবা ট্রেড লাইসেন্স নম্বর দিতে হবে।
এনবিআরের মতে, নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে এ-চালান ব্যবস্থা চালু হলে স্ট্যাম্প মুদ্রণ, সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত ব্যয় কমবে। পাশাপাশি স্ট্যাম্প বিক্রি ও বিতরণে কমিশন বাবদ সরকারের ব্যয়ও সাশ্রয় হবে।