সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন




ভর্তি পরীক্ষা পেছাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:২৫ pm
Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে ইউজিসি ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার বিকালে শিক্ষালয়টির সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেন, “আমাদের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করছে, তার ব্যাখ্যায় অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সেশনজটের আশঙ্কায় ‘যথাসময়ে’ ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

“আমরা কোভিডের কারণে প্রায় এক থেকে দেড় বছর পিছিয়ে পড়েছি। সেটা ওভার করতে আমাদের চার বছর লেগেছে। এখন আমরা যদি আবার ভর্তি পরীক্ষা নিতে প্রায় তিন মাস পিছিয়ে দেই, তাহলে আবার সেশনজট সৃষ্টি হবে। ফলে ভর্তি পরীক্ষা পেছালে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার আগের পরিস্থিতিতে পড়বে।”

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে, যার ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর।

অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “সেখানে যারাই পুনঃনিরীক্ষা করে পাস করে বের হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা পূরণ করলেই তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে আমরা তাদের নিরীক্ষণের ফলাফল প্রকাশের পর আরও দুদিন সময় পাবে আবেদন করার জন্য। এজন্য আমরা মনে করি কোনো মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হবে না।”

তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনে চাহিদার তুলনায় বেশি শিক্ষার্থী আবেদন করে বলে মনে করেন ঐতিহ্যবাহী শিক্ষালয়টির উপ-উপাচার্য (প্রশাসন)।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর সিটের তুলনায় অন্তত ৫০ গুণ বেশি আবেদন পড়ে। আমরা ধারণা করছি, এবারও প্রতি সিটে গড়ে ৩৫ জন অংশগ্রহণ করবে। ফলে যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস করে বেরিয়ে আসবে,” বলেন অধ্যাপক আলমোজাদ্দেদী।

গত ২ অগাস্ট ভর্তি কমিটির এক সভায় ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর, শনিবার

বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর, শনিবার

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর, শনিবার

চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ২২ ডিসেম্বর, মঙ্গলবার

ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর, শনিবার

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির এক মতবিনিময় সভা করে।

পরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এক লিখিত বক্তব্যে বলেন, “সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

“আর আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

ইউজিসি চেয়ারম্যান বলেন, “আগামী ৩১ ডিসেম্বরের পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।”

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানান তিনি।

তবে ইউজিসির এ সভায় অংশ নেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। কমিশনের সিদ্ধান্ত আসার পর সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়টির সাধারণ ভর্তি কমিটি জরুরি বৈঠকে বসে। সেখানেই শিক্ষালয়টি পূর্বঘোষিত সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD