মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। একই কারণে তাঁর থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৭ ডিসেম্বর দুদিনের সফরে আনোয়ার ইব্রাহিমের ঢাকা আসার কথা ছিল। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।
বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী শ্রমিক নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা ছিল। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ারও কথা ছিল।
গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের তারিখ নিশ্চিত করা হয়। আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। ওই সফরের ফিরতি সফর হিসেবে আনোয়ার ইব্রাহিমের ঢাকায় আসার কথা ছিল।