শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন




ঢাকার আবাসনের চাপ কমাতে সেকেন্ডারি সিটির পরিকল্পনা সরকারের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:৩১ pm
আবাসন Kitchen Bath & Living Expo কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো intelligent kitchen lifestyles intelligent technology internet digital home spaces furniture smart appliances modern household kitchens appliances refrigerator connectivity Bespoke Lifestyle হেঁসেল ইনটেলিজেন্ট আসবাবপত্র গৃহস্থালি বাসা-বাড়ি অ্যাপ্লায়েন্স স্মার্ট রেফ্রিজারেটর আধুনিক প্রযুক্তি রান্নাঘর গৃহসজ্জা Dhaka's Residential Real Estate Thrives Real Estate and Housing Association of Bangladesh REHAB রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন এসোসিয়েশন অব অফ বাংলাদেশ রিহ্যাব rehab আবাসন ফ্ল্যাট Canada Toronto Dutta Bari Home ঘর কানাডা আবাসন রিয়েল স্টেট অ্যাসেসিয়েশন মর্টগেজ অ্যান্ড হাউজিং কর্পোরেশন বাড়ি
file pic

রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই সেকেন্ডারি সিটির মূল লক্ষ্য। এর মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা রেখে নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে।

তিনি বলেন, রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিতভাবে গড়ে তোলার মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতির উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

প্রকল্পটি এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে মনদীপ ঘরাই আরও জানান, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে নেওয়া হচ্ছে পৃথক উদ্যোগ। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।’

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বাসস’কে বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের ফাইভ ইয়ার স্ট্রাটেজিক প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জ উপজেলায় একটি ‘ সেকেন্ডারি সিটি ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সম্ভাব্য সকল নাগরিক সুবিধাসহ সর্বস্তরের জনগণের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তোলার প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।

জাতীয় গৃহায়ন কতৃপক্ষ (জাগৃক) থেকে পাওয়া নথি-পত্র অনুযায়ী জানা গেছে, বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষের (জাগৃক) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সড়ক ও জনপথের প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় সেকেন্ডারী সিটি নির্মাণ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটির সদস্যরা প্রস্তাবিত সাইট ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করে প্রতিবেদন প্রদানের জন্য পত্র জারি করে। প্রস্তাবিত স্থানটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘সাইট সিলেকশন কমিটি’ চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করে।

প্রস্তাবিত স্থানটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি, দক্ষিণ ও উত্তর বাহেরচরে অবস্থিত। ঢাকার বসিলা সেতু হতে প্রকল্প এলাকাটি প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক হতে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার হতে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

স্থানটির অল্প কিছু অংশে (প্রায় ৫ থেকে ৮ শতাংশ) বসতবাড়ি থাকলেও অন্যান্য অঞ্চল এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয়। এ সকল ফসলি মাঠে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ড পাওয়া গেছে।

প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ডিটিসিএ’র আওতাধীন প্রস্তাবিত এলাকা ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়কে অবস্থিত। এর মাধ্যমে মূলত সাভারের আমিন বাজার হতে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা মোহাম্মদপুরের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে।

প্রকল্প স্থানের প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে প্রকল্পের দু’টি প্রধান এক্সেসরোড পরিকল্পনা করা সমীচীন হবে। সেকেন্ডারী সিটির সকল সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একরের প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ হ্রাসের জন্য মোহাম্মদপুরের পাশ্ববর্তী এ স্থানটি সেকেন্ডারী সিটি প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগি। এর মাধ্যমে এ অঞ্চলে শুরু হওয়া অপরিকল্পিত নগরায়নের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে সরকারি প্লট প্রকল্পে জনসাধারণের বিনিয়োগ নিশ্চিত হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আরও জানায়, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ টি প্রকল্প চলমান রয়েছে।

এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর দু’টি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়াও দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

দেশের জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।

জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হচ্ছে। লক্ষ্য হলো মানুষের সামর্থ্যরে মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলা। বাসস




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD