মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন




তিন মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১১:২৬ am
Fuel oil Steam locomotive fuel ফার্নেস অয়েল Filing stations Filing station ফিলিং স্টেশন Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil pump তেল ফিলিং স্টেশন
file pic

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ঝুঁকি ও উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে কমছে অপরিশোধিত তেলের দাম। পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কায় দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা ০ দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৯৪ ডলারে নেমেছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৪৭ মিনিটে এসব দাম রেকর্ড করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। অন্যদিকে, দিনের শুরুর দিকে ডব্লিউটিআইয়ের দামও গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।

তবে তেলের দাম কমলেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহণে নিরাপত্তাঝুঁকি এখনো কাটেনি।

এদিকে, সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তিনটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী জাহাজে আগুন ধরে যায়।

অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারকে লক্ষ্য করে চালানো সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, একদিকে বাজারে অপরিশোধিত তেলের পর্যাপ্ত সরবরাহ ও উদ্বৃত্তের আশঙ্কা দাম কমাচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকি জ্বালানি সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD