রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন




৯ বছর পর বাংলাদেশে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:১৭ pm
Pakistan national cricket team পাকিস্তান
file pic

২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৮ সালে বাংলাদেশে সবশেষ বসেছিল ত্রিদেশীয় আসর। খেলেছিল বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কা হয়েছিল চ্যাম্পিয়ন।

সম্প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবাল পাকিস্তান ও শ্রীলঙ্কাকে এই প্রস্তাব দিয়েছেন। আগামী বছর এশিয়া কাপের ঠিক আগেই এই সিরিজ আয়োজন করতে ইচ্ছুক তামিম। শ্রীলঙ্কা ও পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ নিয়ে আগ্রহও দেখিয়েছে। সিরিজ আয়োজনের সম্ভাব্যতা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তামিম ইকবাল।

সম্প্রতি আইসিসি বোর্ড সভায় যোগ দিয়েছিলেন তামিম। সেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার বোর্ড প্রধানের সঙ্গে আলাদা সভাও করেছেন। সেখানেই ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া এফটিপি নিয়েও আলোচনা হয়েছে।

আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে ওয়ানডে ফরম্যাটে বসবে এশিয়া কাপ। এর আগে এক সপ্তাহে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি।

মিরপুরে তামিম রোববার বলেছেন, ‘আমি একটা প্রস্তাব দিয়েছি। বেশ কয়েকদিন ধরেই আলোচনা করেছি। ঠিক এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলা যায় না-কি। দুইটি বোর্ডই খুব ইতিবাচক সাড়া দিয়েছে। যেহেতু এটা এখনো কনফার্ম না তাই আমি বলতে চাইনি আর কি। তবে এশিয়া কাপের আগে যদি একটি ত্রিদেশীয় সিরিজ খেলা যায় তাহলে ইন্টারেস্টিং হবে এবং আমাদের ক্রিকেটের জন্যও ভালো হবে। সম্প্রতি পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ত্রিদেশীয় সিরিজ খেলেছে। খুব আগ্রহ ছিল খেলা নিয়ে। আমি মনে করি ত্রিদেশীয় সিরিজের সিরিজের আলাদা হাইপ আছে। ঠিক এশিয়া কাপের আগে এটা আয়োজন হবে। এই টুর্নামেন্ট খেলে এশিয়া কাপে ঢুকে যাবে।’

বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে ২০১৯ বিশ্বকাপের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল। মাশরাফির হাত ধরে বাংলাদেশ পেয়েছিল এখন পর্যন্ত একমাত্র শিরোপা। ওই বছরই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজন করেছিল টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ। এরপর ২০২২ সালে নিউজিল্যান্ডে গিয়ে পাকিস্তান ও স্বাগতিক দলের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল।

২০২৭ সালে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন হলে নয় বছর পর বাংলাদেশে তিন জাতির প্রতিযোগিতার আয়োজক হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD