শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন




শীতার্তের আর্তনাদে জাগুক মুমিনের বিবেক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৮:২৯ pm
cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave
file pic

আমানুর রহমান: প্রকৃতির পালাবদলে হিমেল হাওয়া আর কুয়াশার চাদর মুড়ি দিয়ে আমাদের দুয়ারে এসে হাজির হয়েছে শীত। বিত্তবানদের কাছে শীত মানেই বাহারি পোশাক, পিঠাপুলির আয়োজন আর উষ্ণ কম্বলের নিচে আরামদায়ক ঘুম। কিন্তু সমাজের অসহায়, ছিন্নমূল ও দিনমজুর মানুষের কাছে এই ঋতু নেমে আসে নিদারুণ দুর্ভোগ হয়ে। ফুটপাতে আশ্রয় নেওয়া বস্ত্রহীন বৃদ্ধ কিংবা তীব্র শীতে কাঁপতে থাকা শিশুর অসহায়ত্ব আমাদের মানবিকতাকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করায়। অথচ ইসলামের দৃষ্টিতে ঋতুবৈচিত্র্যের এ সময় শুধু ভোগবিলাসের নয়; বরং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করারও এক অনন্য সুযোগ। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সুরা হুজুরাত : ১০)

এই ভ্রাতৃত্বের শিক্ষা আরো স্পষ্ট করে মহানবী (সা.) বলেছেন, ‘মুমিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহমর্মিতার দৃষ্টান্ত একটি দেহের মতো। দেহের কোনো একটি অঙ্গ আক্রান্ত হলে পুরো দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়।’ (মুসলিম : ২৫৮৬) তাই কনকনে শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করে এ ঋতুকে ধনী-দরিদ্রের প্রকৃত ভ্রাতৃত্বের উৎসবে পরিণত করাই হোক আমাদের অঙ্গীকার।

ইসলাম শুধু আনুষ্ঠানিক ইবাদতের সমষ্টি নয়; বরং এটি মানবকল্যাণ ও সামাজিক সাম্যের এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘তাদের (বিত্তবানদের) সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিত মানুষেরও নির্দিষ্ট অধিকার রয়েছে।’ (সুরা আজ-জারিয়াত : ১৯) শীতের তীব্রতায় যখন দরিদ্র মানুষগুলো এক টুকরো গরম কাপড়ের অভাবে কষ্ট পায়, তখন সামর্থ্যবানদের এগিয়ে আসা শুধু করুণা নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষায় বলেছেন, ‘যে ব্যক্তি নিজে পেট ভরে খায়, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে মুমিন নয়।’ (আল-আদাবুল মুফরাদ : ১১২) একইভাবে আমরা যখন দামি লেপ-কম্বলের উষ্ণতায় রাত কাটাই, তখন চারপাশের শীতার্ত মানুষগুলোর দুর্দশা উপেক্ষা করলে আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধ প্রশ্নবিদ্ধ হয়। প্রকৃত মুমিনের পরিচয় তুলে ধরে রাসুল (সা.) আরো বলেছেন, ‘তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত (পূর্ণ) মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, তার ভাইয়ের জন্যও তা-ই পছন্দ করে।’ (বুখারি : ১৩)

মানুষের দুঃখ-কষ্ট লাঘবের গুরুত্ব বোঝাতে সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে কুদসিতে এসেছে, কিয়ামতের দিন আল্লাহতায়ালা বান্দাকে বলবেন, ‘হে আদম সন্তান! আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম; কিন্তু তুমি আমাকে খাবার দাওনি।’ বান্দা বিস্মিত হয়ে বলবে, ‘হে আমার প্রতিপালক! আপনি তো সমগ্র জগতের প্রতিপালক, আপনাকে কীভাবে খাবার দেব?’ তখন আল্লাহতায়ালা জানাবেন, তার এক বান্দা ক্ষুধার্ত ছিল; তাকে খাবার দিলে বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভ করত। একই বর্ণনায় অসুস্থ ব্যক্তির সেবা ও পিপাসার্তকে পানীয় দেওয়ার কথাও এসেছে। (মুসলিম : ২৫৬৯)

এ থেকে স্পষ্ট হয়, মানুষের প্রয়োজনে এগিয়ে আসা এবং তার দুঃখ-কষ্ট লাঘব করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। তাই শীতার্ত মানুষের হাতে এক টুকরো উষ্ণ বস্ত্র তুলে দেওয়াও হতে পারে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

আমাদের সমাজে অনেক সময় শীতবস্ত্র বিতরণকে কেন্দ্র করে লোকদেখানো মানসিকতা ও প্রচারণার প্রবণতা লক্ষ করা যায়, যা ইসলামের মূল চেতনার পরিপন্থী। একটি কম্বল দেওয়ার সময় সাহায্যগ্রহীতাকে ঘিরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা তার আত্মসম্মানে আঘাত করতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে তোমাদের দান-সদকাকে নষ্ট করো না।’ (সুরা আল-বাকারা : ২৬৪)

গোপন দানের মর্যাদা তুলে ধরে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়ায় আশ্রয় পাবেন এমন সাত শ্রেণির মানুষের মধ্যে একজন হলেন সেই ব্যক্তি, যিনি এত গোপনে দান করেন যে তার ডান হাত কী দান করল, বাম হাতও তা জানতে পারে না। (বুখারি : ১৪২৩) এ ছাড়া শীতবস্ত্র কেনার ক্ষেত্রেও আমাদের মানসিকতার পরিবর্তন আনা জরুরি। লোকদেখানোর জন্য নামমাত্র মূল্যের পাতলা ও নিম্নমানের কম্বল না কিনে এমন মানসম্মত ও টেকসই গরম কাপড় দেওয়া উচিত, যা সত্যিকার অর্থেই শীত নিবারণে সহায়ক হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা কখনোই প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না, যে পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে।’ (সুরা আলে ইমরান : ৯২)

শীতের দীর্ঘ রাত ও ছোট দিন মুমিনের জন্য বিশেষ ইবাদতের সুযোগ তৈরি করে। এ কারণে শীতকালকে রূপক অর্থে ‘মুমিনের বসন্তকাল’ বলা হয়। দীর্ঘ রাতের কারণে তাহাজ্জুদসহ নফল নামাজ আদায়ের সুযোগ বাড়ে, আর দিন ছোট হওয়ায় নফল রোজা রাখাও তুলনামূলক সহজ হয়। তবে ইবাদতের এই বসন্তকাল তখনই সার্থক হবে, যখন আমরা ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি শীতার্ত মানুষের গায়েও উষ্ণতার পরশ বুলিয়ে দিতে পারব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে।’ (মুসলিম : ২৬৯৯)

তাই আসুন, ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। বিত্তবানদের উদারতা আর অসহায় মানুষের মুখের হাসিতে সমাজে গড়ে উঠুক ভালোবাসার এক অটুট সেতুবন্ধ। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে পারস্পরিক সহমর্মিতার চাদরে সবাইকে আবৃত করে এবারের শীত হয়ে উঠুক মানবতার জয়গান ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব। আমার দেশ




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD