এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নেও যারা এক বা দুই বিষয়ে ফেল করেছেন, তারা সম্পূরক পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন।
এ শিক্ষার্থীরা বুধ ও বৃহস্পতিবার সম্পূরক পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবেন। এছাড়া আগে যারা আবেদন করেননি, তারাও এ সুযোগ নিতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারের মধ্যে ‘সোনালী সেবার’ মাধ্যমে আবেদনের ফি জমা দিতে হবে।
উচ্চ মাধ্যমিকে এক বা দুই বিষয়ে যারা অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য এবারই প্রথম সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা হতে যাচ্ছে। আগামী ১-১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় এ পরীক্ষার সূচি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু বলেন, “উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পরও যারা এক বা দুই বিষয়ের কারণে পাস করতে পারেনি, মূলত তাদের জন্য এই সুযোগ।
“এছাড়াও যারা বিভিন্ন কারণে পূর্বের নির্ধারিত দিনে আবেদন করতে পারেনি, তারাও যেন আবেদন করতে পারে; সেজন্য আবেদনের দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় বলেন, “এমন শিক্ষার্থী যারা তিন বিষয়ে অকৃতকার্য ছিল, উত্তরপত্র পুনর্মূল্যায়নে দেখা গেল—দুটো বিষয়ে পাস করেছে, কিন্তু এক বিষয়ে ফেল। তারা যেন এই এক বিষয়ের কারণে আটকে না যায়, সেজন্যই বোর্ড কমিটি আজকে এই সিদ্ধান্ত নিয়েছে।”
এর আগে বলেছিলেন, যারা আগে আবেদন করেননি, তাদের সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। এর কয়েক ঘণ্টা বাদে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নে আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে।
পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ ৫ পেয়েছেন ১৬২০ জন শিক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন।