দেশে গত আগস্ট থেকে অক্টোবর-এই তিন মাসে লোডশেডিংয়ের কারণে অর্থনীতির ক্ষতি হয়েছে ৫৪ হাজার ৯০ কোটি টাকা। এ সময়ে চাহিদার তুলনায় ২ হাজার ৩৭৮ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা যায়নি। বিদ্যুৎ না পাওয়ায় শিল্পকারখানাসহ বিভিন্ন খাতের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
রোববার প্রকাশিত ‘এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ: ইমিডিয়েট টু লংগার-টার্ম পলিসি ইম্পেরেটিভস’ শীর্ষক গবেষণাটি করেছে র্যাপিড ও দ্য এশিয়া ফাউন্ডেশন। এতে বলা হয়েছে, তিন মাসে বিদ্যুতের ঘাটতি ছিল চাহিদার ৩ থেকে ১০ শতাংশ। এই ঘাটতির কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতি ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশের সমান।
গবেষণায় বলা হয়েছে, প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ না হলে সামগ্রিক অর্থনীতিতে গড়ে ২২৭ টাকার ক্ষতি হয়। শিল্প খাতে এই ক্ষতির পরিমাণ ৩১০ টাকা। অর্থাৎ বিদ্যুৎ না থাকায় শুধু কারখানার উৎপাদনই কমে না, এর প্রভাব পড়ে সরবরাহ ব্যবস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও।
গবেষকদের হিসাবে, লোডশেডিংয়ের অর্থনৈতিক ক্ষতি বিদ্যুৎ উৎপাদনে এলএনজি ব্যবহারের জ্বালানি ব্যয়ের প্রায় ১২ গুণ। ফলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সাশ্রয়ের হিসাব করতে গিয়ে সরবরাহ ঘাটতির কারণে অর্থনীতির বড় ক্ষতিকে উপেক্ষা করা ঠিক হবে না।
গ্যাসের সরবরাহ বাড়ালে কমবে ঘাটতি
গবেষণায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহের সঙ্গে লোডশেডিংয়ের সরাসরি সম্পর্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রে দৈনিক অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দিনে প্রায় ১১ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ ঘাটতি কমানো সম্ভব। অন্যদিকে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে ১৪ দশমিক ২ গিগাওয়াট ঘণ্টা।
দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানি সংকট ও অন্যান্য সীমাবদ্ধতায় তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। গবেষণায় দেখা গেছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনো সময়েই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্থাপিত সক্ষমতার ৫৮ শতাংশ ছাড়ায়নি। অথচ প্রয়োজনীয় সংরক্ষিত সক্ষমতাসহ বিদ্যুতের চাহিদার তুলনায় স্থাপিত সক্ষমতা প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি।
গবেষণায় আরও বলা হয়েছে, দেশের বিদ্যুতের ৭৬ শতাংশ গ্যাস ও তেলনির্ভর। পাকিস্তানে এ হার ৩০ শতাংশ এবং ভারতে মাত্র ৩ শতাংশ। জ্বালানির উৎসে এই অতিনির্ভরতা বিদ্যুৎ সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলছে। দেশে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে।
র্যাপিডের গবেষণায় বিদ্যুৎকেন্দ্রের দক্ষতা বাড়ানো, প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়নের সুপারিশ করা হয়েছে।