শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন




জুমাবারের ১০ আমল, গুছিয়ে দেয় পুরো সপ্তাহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৭:৪৪ pm
Baitul Baitul Mukarram Baytul Mukarrom National Mosque Prayer times time Masjid বাইতুল বায়তুল মোকাররম জাতীয় মসজিদ Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ বায়তুল নামাজ ইস্তিসকার নামাজ ইতিকাফ রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ Baitul Mokarram bicycle salat বাইসাইকেল নামাজ সালাত salat বাইসাইকেল নামাজ সালাত rain Weather আবহাওয়া Rain বৃষ্টি Rain বৃষ্টি Sixty Dome Mosque ষাটগম্বুজ মসজিদ জুমার নামাজ
file pic

শনিবার থেকে বৃহস্পতিবার আমরা দৌড়াই। ক্লাস, কাজ, রোজগার, পরিবার আর অসংখ্য দুশ্চিন্তা নিয়ে দিন কাটে। তখন মনে হয়, একটু থামা দরকার। সেই থামার দিনটিই জুমা। জুমা মানে শুধু দুপুরে মসজিদে গিয়ে নামাজ পড়ে ফিরে আসা নয়। এটি নিজেকে গুছিয়ে নেওয়ার, মনকে শান্ত করার আর আল্লাহর সঙ্গে সম্পর্কটা নতুন করে টানটান করার একটি পুরো দিন। নবীজি (সা.) বলেছেন, ‘সূর্য যে দিনে ওঠে তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমা। এ দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এ দিনেই তাঁকে সেখান থেকে বের করা হয়েছে, আর কিয়ামতও জুমার দিন ছাড়া অন্য কোনো দিনে হবে না।’ (মুসলিম : ৮৫৪)

নিচের ১০টি আমল সবার পক্ষে একসঙ্গে করা হয়তো সহজ নয়। তাতে ক্ষতি নেই। যেটুকু পারেন, নিয়ম করে সেটুকুই করুন; দেখবেন, সপ্তাহগুলো আগের মতো আর একঘেয়ে লাগবে না, বেশ ভালো বোধ করবেন।

১. ফজর দিয়ে শুরু করুন এবং সুরা সাজদা ও সুরা ইনসান পড়ুন

ঘুমভাঙা চোখে ফোন হাতে না নিয়ে সেদিন সরাসরি অজুর পানির কাছে যান। জামাতের সঙ্গে ফজর পড়ে একটু জিকির করুন, কিংবা কোরআনের দু-চারটি আয়াত পড়ুন। দিনের প্রথম ঘণ্টাটা ইবাদতে কাটলে বাকি দিনের মনও অন্যরকম থাকে। নবীজি (সা.) জুমার দিন ফজরে সুরা সাজদা ও সুরা ইনসান পড়তেন। (মুসলিম : ৮৭৯)

২. সুরা কাহফ পড়ুন

জুমার দিনের সবচেয়ে পরিচিত আমলগুলোর একটি। নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মাঝে নূর হবে।’ সময় থাকলে অর্থসহ ধীরে ধীরে পড়ুন। তাহলে শুধু তিলাওয়াত নয়, ভাবনারও খোরাক হবে।

৩. জুমার জন্য গোসল করুন

নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন জুমার জন্য আসবে, তখন সে যেন গোসল করে।’ (বুখারি : ৮৭৭; মুসলিম : ৮৪৪) এ শুধু শরীর পরিষ্কার করা নয়। এটি নিজের মনকে মনে করিয়ে দেওয়াÑ‘আজ আমি আল্লাহর ঘরে যাচ্ছি, তাই নিজের যত্ন নিচ্ছি।’

৪. সুগন্ধি ও মিসওয়াক ব্যবহার করুন

পরিচ্ছন্নতার সঙ্গে একটু সুগন্ধি জুমার সৌন্দর্য বাড়ায়। নবীজি (সা.) বলেছেন, ‘জুমার দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্কের কর্তব্য, আর সে যেন মিসওয়াক করে এবং সুগন্ধি পেলে ব্যবহার করে।’ (বুখারি : ৮৮০; মুসলিম : ৮৪৬)। আতর হোক বা পারফিউম, যা হাতের কাছে আছে, পরিমিতভাবে ব্যবহার করুন।

৫. পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরুন

দামি কাপড় লাগবে না, লাগবে গোছানো ও পরিষ্কার পোশাক। আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে আদমসন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের সুন্দর পোশাক পরিধান করো।’ (সুরা আল-আ’রাফ : ৩১)

এখানে সুন্দর পোশাক মানে দামি পোশাক নয়, বরং পরিচ্ছন্ন ও শালীন পোশাক। জাবির (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে ময়লা কাপড়ে দেখে বললেন, ‘এ কি এমন কিছু পায়নি, যা দিয়ে সে তার কাপড় ধুয়ে নিতে পারে?’ (আবু দাউদ : ৪০৬২)

আরেকটি হাদিসে এসেছে : এক সাহাবি বললেন, ‘মানুষ চায় তার কাপড় সুন্দর হোক, জুতা সুন্দর হোক—এটাও কি অহংকার?’ নবীজি (সা.) বললেন, ‘আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।’ (মুসলিম : ৯১)

মূল কথা, আল্লাহর সামনে দামি কাপড় নিয়ে নয়, পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো হয়ে দাঁড়ানো উচিত।

৬. একটু আগে মসজিদে যান

অনেকেই খুতবা শুরুর মুহূর্তে বা মাঝপথে পৌঁছান। অথচ আগে যাওয়ার পুরস্কার অনেক বড়। নবীজি (সা.) বলেছেন, ‘জুমার দিন ফেরেশতারা মসজিদের প্রতিটি দরজায় দাঁড়িয়ে আগে আসা মানুষের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে, সে যেন একটি উট কোরবানি করল। তারপর যে আসে, সে একটি গরু; এরপর একটি ভেড়া; তারপর একটি মুরগি; আর তারপর যে আসে, সে একটি ডিম দান করল।’ (বুখারি : ৮৮১)। তা ছাড়া আগে গেলে নফল নামাজ, কোরআন তিলাওয়াত আর দোয়ার সময়টাও পাওয়া যায়।

৭. বেশি বেশি দরুদ পড়ুন

সবচেয়ে সহজ, অথচ বরকতে ভরা আমল। নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের সর্বোত্তম দিন জুমা… তাই এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পড়ো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (আবু দাউদ : ১০৪৭; ইবনে মাজাহ : ১০৮৫)

৮. খুতবা মন দিয়ে শুনুন

খুতবা শুধু বক্তৃতা নয়, ইবাদতেরই অংশ। নবীজি (সা.) বলেছেন, “ইমাম খুতবা দেওয়ার সময় তুমি যদি পাশের জনকে বলো ‘চুপ করো,’ তাহলে তুমিও অনর্থক কথা বলে ফেললে।” (মুসলিম: ৮৫১; বুখারি : ৯৩৪)। তাই নীরব থাকুন, মন দিয়ে শুনুন; আর কথাগুলো নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন।

৯. আসর ও মাগরিবের মাঝের দোয়া

জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যখন দোয়া কবুলের বিশেষ আশা করা যায়। নবীজি (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় সেই সময়ে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা দান করেন।’ (বুখারি : ৯৩৫)। অনেক আলেমের মতে, সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। সূর্য ডোবার আগের এই শান্ত সময়ে নিজের জন্য, পরিবারের জন্য এবং ঈমান, ক্ষমা, রিজিক আর আখিরাতের জন্য প্রাণ খুলে দোয়া করুন।

১০. পরিবারকে নিয়ে দিনটা সুন্দর করুন

জুমা শুধু মসজিদের নয়, ঘরেরও। একসঙ্গে খেতে বসুন, সন্তানদের সময় দিন, জীবনসঙ্গী ও পরিবারের সবার সঙ্গে কোমল আচরণ করুন। মসজিদে ইবাদত করে ঘরে রূঢ় হলে জুমার আসল প্রাণটাই হারিয়ে যায়। যারা পারেন, জুমার আগের বা পরের রাতে তাহাজ্জুদও পড়তে পারেন। রাতের নীরবতায় কিছুক্ষণ আল্লাহর সঙ্গে একা থাকা, কোরআন পড়া বা দোয়া করা মনকে গভীরভাবে শান্ত করে। সবাই সব পারবে না—যা পারা যায়, তা নিয়মিত করাই আসল।

জুমার দিনটিকে কেবল সাপ্তাহিক নামাজের দিন হিসেবে না রেখে সাপ্তাহিক আত্মশুদ্ধির দিন বানাতে পারলে জীবনও ধীরে ধীরে বদলে যেতে পারে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জুমার আমলগুলো করার তাওফিক দিন। আমিন।

লেখক : মুহাম্মদ নাহিদুল ইসলাম, শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD