বছরের শেষ মাস ডিসেম্বর মানেই শীতের আমেজ, বড়দিন আর ছুটির অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে দেশের শিক্ষার্থীদের। শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ডিসেম্বরেই টানা দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসাগুলো।
২০২৬ সালের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদ ১২ থেকে ১৮ দিন পর্যন্ত। সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে কলেজের শিক্ষার্থীরা। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটির পরিধি আরও বেড়ে যাচ্ছে।
প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। ফলে সব মিলিয়ে ১৮ ডিসেম্বর থেকে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিন বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১২ দিনের অবকাশ পাবে।
কলেজে সবচেয়ে বেশি ১৮ দিনের ছুটি
এবার শীতকালীন ছুটিতে সবচেয়ে বেশি সময় পাচ্ছে সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে কলেজ বন্ধ থাকবে।
এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। আবার ৩১ ডিসেম্বরের পর ২০২৭ সালের ১ ও ২ জানুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে। সব মিলিয়ে ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত টানা ১৮ দিন বন্ধ থাকবে কলেজ।
মাদরাসায় টানা ১৬ দিনের অবকাশ
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১১ ও ১২ ডিসেম্বর এবং পরে ২৫ ও ২৬ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। ফলে সব মিলিয়ে মাদ্রাসাগুলোতে টানা ১৬ দিনের ছুটি থাকছে।
আরও দুই দিন ছুটি বাড়ার সম্ভাবনা
শীতকালীন অবকাশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য রয়েছে আরও ছুটির সুযোগ। ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রাখা হয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এই দুই দিনের ছুটি শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করলে শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির বাইরেও অতিরিক্ত দুই দিন ছুটি উপভোগ করতে পারবেন।