সন্দেহজনক লেনদেনের অভিযোগে দেড় লাখেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস হিসাব বন্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ’র নির্দেশনায় এসব হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দাবি, সন্দেহজনক লেনদেনের অভিযোগে ওই অ্যাকাউন্টগুলো আপাতত বন্ধ করা হয়েছে। যে সব একাউন্টের বেশিরভাগ বা অধিকাংশই গোপালগঞ্জ জেলার ঠিকানায় খোলা। বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।
গোপালগঞ্জে যাদের একাউন্টে লেনদেন করতে পারছেন না তাদের অনেকের সাথে সম্প্রতি কথা বলেছে বিবিসি বাংলা। তাদের অনেকে জানিয়েছেন, কারো কারো অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আবার অ্যাকাউন্ট চালু থাকলেও অর্থ লেনদেন করতে পারছেন না অনেকে।
সরকারি বরাদ্দ এবং রেল চলাচল বন্ধ নিয়ে নানা আলোচনার মধ্যেই এবার গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সার্ভিস বা এমএফএস বন্ধের তথ্য সামনে এলো।
গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতায় গোপালগঞ্জ প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এর জের ধরে, ডিসি ও পুলিশ সুপার রদবদলের ঘটনাও ঘটেছে।
জেলা বিএনপির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে, ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্কতার অংশ হিসেবেই ‘সবকিছু কার্যত বন্ধ বা স্থগিত’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।