পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাই নামে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত জাজিরার নাওডোবা এলাকায় এসব ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকা থেকে একটি মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সেখানে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। সেসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটালে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটেন। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি খাবার হোটেলেও আগুন দেয়া হয়।
এ দিকে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে দুইজন গুরুতর আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে ইব্রাহিম সিপাই নামের একজনের মৃত্যু হয়েছে বলে শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নিহতের বাড়ি শরীয়তপুর সদরের রুদ্রকর ইউনিয়নে বলে জানা গেছে।
ইব্রাহিম সিপাই নিষিদ্ধ যুবলীগের কর্মী বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতারা।
ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তিকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে তারা সারা রাত দায়িত্ব পালন করেছেন। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়।
কোনও ধরনের প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।