বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রচলিত পদ্ধতি বদলে যাচ্ছে। এতদিন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পৃথক প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ করা হচ্ছিল। এবার পরীক্ষার মাধ্যমে সরাসরি শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
নতুন ব্যবস্থায় প্রার্থীদের তিন ধাপে মূল্যায়ন করা হবে। এতে থাকবে ১০০ নম্বরের প্রিলিমিনারি, ১০০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষা। পাশাপাশি পরিবর্তন আসছে পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনেও।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পরীক্ষার জন্য তিন ধাপের মূল্যায়ন পদ্ধতির একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এতে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তবে নতুন পদ্ধতির এসব প্রস্তাব এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর পরীক্ষার কাঠামো চূড়ান্ত হবে।
এনটিআরসিএর সচিব রনি রহমান বলেন, নতুন নিয়োগ পদ্ধতির প্রস্তাব তৈরির কাজ চলছে। তৈরি হয়ে গেলে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
প্রিলিমিনারিতে চার বিষয়ে ১০০ নম্বর
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা হবে এক ঘণ্টার। এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান– এই চার বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ২৫ নম্বর, অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য কাটা যাবে একটি সঠিক উত্তরের সমান নম্বর। এ ধাপে উত্তীর্ণ হতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
প্রিলিমিনারিতে উত্তীর্ণদের জন্য পরবর্তী ধাপে থাকবে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। এ পরীক্ষার সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সব মিলিয়ে তিন ধাপে একজন প্রার্থীকে ২২০ নম্বরের মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে। তবে লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, নম্বর বণ্টন এবং মৌখিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সংশোধিত বিধিমালায় এসব বিষয় নির্ধারণ করা হবে।
নিবন্ধন পরীক্ষার পরিবর্তে সরাসরি নিয়োগ
নতুন উদ্যোগের সবচেয়ে বড় পরিবর্তন আসছে নিয়োগ প্রক্রিয়ায়। এতদিন এনটিআরসিএ মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করত। নিবন্ধন সনদ পাওয়ার পর শূন্য পদের বিপরীতে পৃথক গণবিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতো। নতুন ব্যবস্থায় এ দুই ধাপের পরিবর্তে একটি সমন্বিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে সরাসরি নিয়োগের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে।
এ কারণে আগের ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না। এর পরিবর্তে অনুষ্ঠিত হবে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। অর্থাৎ নিবন্ধন সনদ অর্জন করে পরবর্তী নিয়োগের অপেক্ষায় থাকার প্রচলিত ব্যবস্থার পরিবর্তে নিয়োগের লক্ষ্যেই সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের।
এ পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়ার ধাপ কমার পাশাপাশি প্রার্থীদের একাধিকবার আবেদন ও পৃথক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষার প্রয়োজনীয়তা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নতুন ব্যবস্থায় নিয়োগের যোগ্যতা, বিষয়ভিত্তিক পদ, শূন্য পদের বিপরীতে প্রার্থী নির্বাচন এবং মেধা তালিকা তৈরির পদ্ধতি কী হবে, তা বিধিমালায় স্পষ্ট করা থাকবে।
ডিসেম্বরে পরীক্ষার প্রস্তুতি
সূত্র জানায়, নতুন পদ্ধতিতে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা করছে এনটিআরসিএ। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পরিচালনা করছে কর্তৃপক্ষ। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর শিক্ষক নিয়োগ পরীক্ষার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এনটিআরসিএ সূত্র বলছে, নতুন নিয়োগ পরীক্ষা আয়োজনের আগে বিধিমালা সংশোধন করতে হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। অনুমোদন পাওয়া গেলে পরীক্ষার বিজ্ঞপ্তি, আবেদন শুরুর সময়, যোগ্যতা, পরীক্ষার তারিখ ও বিস্তারিত সিলেবাস প্রকাশ করা হবে। ফলে ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও তা এখনও চূড়ান্ত নয়।
বৈষম্য দূর করে চাকরির সুযোগ দেওয়ার দাবি
এনটিআরসিএর নিবন্ধনধারীদের নিয়োগে বৈষম্য দূর করে চাকরির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। একই সঙ্গে নিয়োগ-সংক্রান্ত চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং আগের নির্বাহী আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি মো. মনিরুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীরা। একাধিকবার আন্দোলন ও আইনি পদক্ষেপ নিয়েও তারা সমস্যার সমাধান পাননি।
সংগঠনটির অভিযোগ, ২০১৬ সালে প্রথম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৪০ হাজার ইনডেক্সধারী শিক্ষক নিয়োগ পান। নতুন নিয়োগ পান ১০ থেকে ১২ হাজার জন। তাদের অধিকাংশ ছিলেন ১৩তম ও ১৪তম নিবন্ধনধারী। অন্যদিকে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের ভাইভা নম্বর না থাকায় তারা মেধা তালিকায় পিছিয়ে পড়েন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে ৩৫ বছরের কম বয়সীদের আবেদনের সুযোগ দেওয়া হলেও বেশি বয়সী প্রার্থীরা বাদ পড়েন। পরে ৩৯০০/২০১৯ নম্বর মামলার রায়ে ২০১৮ সালের ১২ জুনের আগে নিবন্ধন সনদ পাওয়া প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়। এর পরও নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য রয়ে গেছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন। তিনি প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগে বৈষম্য দূর, চাকরির সুযোগ সৃষ্টি, চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং আগের নির্বাহী আদেশ বাস্তবায়নে সরকারের উদ্যোগের আহ্বান জানান। সমকাল