জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন কৌশল ও জলবায়ু অর্থায়ন সম্পর্কে সংবাদকর্মীদের জ্ঞান এবং তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির দক্ষতা বৃদ্ধিতে আজ তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ শুরু হয়েছে। পিকেএসএফ-এর উদ্যোগে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সদস্যদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
পিকেএসএফ ভবন-২-এ ‘Climate Change and Climate Finance’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিয়ার রহমান এবং স্বাগত বক্তব্য দেন উপ-মহাব্যবস্থাপক দীপেন কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিকেএসএফ-এর সহকারী মহাব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরী।
ইআরএফ-এর ২৫ জন সদস্যের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল জীবিকা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি, জলবায়ু সাংবাদিকতায় তথ্যনির্ভরতা, তথ্যের যথার্থতা যাচাই ও জবাবদিহির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ সাতক্ষীরায় পিকেএসএফ-এর জলবায়ু-সহনশীল আবাসন, জীবিকা ও নিরাপদ পানি সংক্রান্ত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।