বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন




শর্তসাপেক্ষে ফেল করা শিক্ষার্থীরাও করতে পারবেন জবি ভর্তি পরীক্ষার আবেদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ pm
Jagannath University JU JnU জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়
file pic

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন। শর্ত অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণ করতে হবে তাদের।

বুধবার (১১ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অংশ নেয়া একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন। সিদ্ধান্তের বিস্তারিত উল্লেখ করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে।

সভা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিটভিত্তিক ভর্তি যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৩ অথবা ৩.৫ পাওয়া শিক্ষার্থীরা প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশিত হলে নির্ধারিত যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করলেও কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা অর্জন করতে না পারলে তার আবেদন বাতিল করা হবে। এ ক্ষেত্রে আবেদন ফি ফেরত দেয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আবেদন ফি অফেরতযোগ্য থাকতে পারে।

সভায় উপস্থিত একটি অনুষদের ডিন বলেন, ‘এইচএসসিতে যারা দুই বিষয়ে ফেল করেছেন, তারা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করতে পারেন, তাহলে তাদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ রাখা হচ্ছে। নির্ধারিত শর্ত অনুযায়ী জিপিএ অর্জন করতে হবে। এসএসসিতে যাদের ইতোমধ্যে ৩ বা সাড়ে ৩ জিপিএ রয়েছে, তারা এ সুযোগ পাবেন।’

আবেদন করার পর চূড়ান্ত যোগ্যতা অর্জন করতে না পারলে ফি ফেরত দেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওই ডিন জানান, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

একই তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু বলেন, ‘আগের ঘোষিত তারিখেই ভর্তি পরীক্ষা হবে। এইচএসসিতে দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে।’

এর আগে বুধবার সকাল পৌনে ১০টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি
বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই রয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি (শুক্রবার) ইউনিট-এ, ৮ জানুয়ারি (শুক্রবার) ইউনিট-ই, ১৫ জানুয়ারি (শুক্রবার) ইউনিট-বি, ২২ জানুয়ারি (শুক্রবার) ইউনিট-সি এবং ২৩ জানুয়ারি (শনিবার) ইউনিট-ডি-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD