বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন




জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহায়তায় জোর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:১৪ am
United Nations Conference on Trade and Development unctad জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড ইউএনসিটিএডি
file pic

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থায়ন, প্রযুক্তিগত সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের বিষয়কে গুরুত্ব দিয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর লিডার্স সামিটে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি এ সম্মেলনে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হয়েছে।

বুধবার তুরস্কের আনতালিয়ায় স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, লন্ডনের মেয়র সাদিক খান এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন।

এছাড়া ইন্দোনেশীয় প্রতিনিধিদলের প্রধান হাশিম জোজোহাদিকুসুমো এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এদিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্বনেতাদের অংশগ্রহণে বুধবার দুপুরে শুরু হয় আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তেল-গ্যাস কোম্পানির মুনাফায় কর চান গুতেরেস : এদিকে জলবায়ু সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ অধিবেশনে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ করের অর্থ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনরুদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবারের বক্তব্যে গুতেরেস বলেন, দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে। জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো বিপুল মুনাফা করলেও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না। এ বৈষম্য দূর করতে দূষণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই অর্থ আদায় করা প্রয়োজন।

জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা অন্তত তিনগুণ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানো, নতুন জীবাশ্ম জ্বালানি অবকাঠামো নির্মাণ বন্ধ এবং মিথেন নিঃসরণ কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোর বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। অভিযোজন খাতেও অর্থের জোগান বাড়াতে হবে। তার এ বক্তব্য বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর দীর্ঘদিনের অর্থায়ন দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রভাবশালী বিশ্বনেতাদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ : এবারের কপ-৩১ সম্মেলনে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতি নিয়েও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে অংশ নিচ্ছেন না। চীনের প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সম্মেলনে অনুপস্থিত। কানাডা ও জাপানের প্রধানমন্ত্রীও প্রকাশিত অংশগ্রহণকারী তালিকায় নেই। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের বড় উৎস। ফলে দেশ দুটির শীর্ষ নেতাদের অনুপস্থিতি জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। জলবায়ু কূটনীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ই৩-জির বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল বলেন, ইউরোপের কয়েকটি বড় দেশের নেতারা সম্মেলনে না আসা দুঃখজনক। এবারের কপ সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতি প্রয়োজন। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলিও বিশ্বনেতাদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। তার মতে, বিশ্বের জ্বালানি ব্যবস্থার রূপান্তরে প্রভাব রাখতে চাইলে নেতাদের এ ধরনের সম্মেলনে উপস্থিত থাকা জরুরি।

কপ সম্মেলন নিয়ে গ্রেটার ক্ষোভ : অন্যদিকে জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন। মঙ্গলবার আনতালিয়ায় পৌঁছে তিনি বলেন, প্রতিবছর এ সম্মেলন এমন একটি আয়োজনে পরিণত হয়, যেখানে আয়োজক দেশগুলো নিজেদের ভালো হিসাবে তুলে ধরার সুযোগ পায়। অথচ জীবাশ্ম জ্বালানি কোম্পানির স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি জলবায়ু সংকট মোকাবিলার উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। গ্রেটা বলেন, ধনী ও ক্ষমতাবান গুটিকয়েক মানুষের মুনাফা ও ক্ষমতার লোভের কারণে সাধারণ মানুষ এবং পৃথিবী ধ্বংসের মুখে পড়ছে। বিশ্বনেতাদের নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষ ও প্রকৃতিকে রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডেনের পার্লামেন্টের সামনে পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলন শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা। ২০২১ সালের গ্লাসগো সম্মেলনের পর এবারই প্রথম কোনো জলবায়ু সম্মেলনে তার অংশগ্রহণ। তার উপস্থিতি তরুণ জলবায়ু আন্দোলনকারীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা উন্নত দেশগুলোর কাছে জলবায়ু তহবিলের অর্থ ছাড় এবং নেতাদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী : তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন। বুধবার তুরস্কের স্থানীয় সময় বিকালে তিনি বাংলাদেশ প্যাভিলিয়নে আসেন। প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ প্রমুখ।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD