মাত্র দুই বছরে বাংলাদেশের সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়। অন্যদিকে, আগামী কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে International Debt Conference Bangladesh 2026 উপলক্ষে দেয়া প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি করা ওই নোটে দেশের ঋণ পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনার সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার। ২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।
ঋণের পাশাপাশি সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
প্রেস ব্রিফিং নোটে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বলা হয়, তখন বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০২৪ সালের জুলাই শেষে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।
তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় কিছু অগ্রগতির দাবি করা হয়েছে নোটে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এ ছাড়া সরকারের ঋণ নেয়ার ব্যয়ও কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে বলে নোটে বলা হয়েছে।
ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
পাশাপাশি ব্যাংকিং খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলা হয়েছে। নোটে আরও বলা হয়েছে, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ভালোভাবে যাচাই করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।
দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ঋণের উৎস সম্প্রসারণে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে।
প্রেস ব্রিফিং নোটে অর্থমন্ত্রীর মূল বক্তব্য হিসেবে বলা হয়েছে, ঋণের পরিমাণের চেয়ে সেই ঋণের অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। ঋণের অর্থ উৎপাদনশীল ও উচ্চ মুনাফাসম্পন্ন প্রকল্পে বিনিয়োগ এবং রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমেই দীর্ঘমেয়াদে ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশন ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবিসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।