রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন




রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে

শুরু হচ্ছে তিন দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৬:৩৬ pm
LC এলসি Export Promotion Bureau epb রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export
file pic

দেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে। এতে দেশি-বিদেশি ১৬১টি প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে ২৪০টি স্টল।

শনিবার কাওরান বাজারের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসান আরিফ। ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর এই এক্সপো অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশ নেবে। বাংলাদেশের ১২টি রপ্তানিখাতের ১৬১টি প্রতিষ্ঠান এ আয়োজনে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরবে।

ইপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, অংশগ্রহণকারী রপ্তানিখাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।

তিনি বলেন, তিন দিনব্যাপী এ আয়োজনে ২৪০টি স্টলের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, ফ্যাক্টরি ভিজিট, ব্যবসায়িক বৈঠক (বিটুবি), নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন থাকছে। এতে বহুজাতিক কোম্পানি, সাপ্লাই চেইন প্রতিনিধি এবং বিভিন্ন দেশের রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরাও অংশ নেবেন।

ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন, এ এক্সপোর মাধ্যমে দেশের উৎপাদক ও রপ্তানিকারকেরা নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান পাবেন। একই সঙ্গে বিদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা, দীর্ঘমেয়াদি চুক্তি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে প্রতিষ্ঠার পথ আরও সুগম করবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ ও মো. রুহুল আমিনসহ অন্যান্য পরিচালকরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD