রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন




বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:০৫ am
BSEC Chairman Shibli Rubayat-Ul-Islam বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম bsec Bangladesh Securities and Exchange Commission বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি stock
file pic

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে দুদকের একটি মামলায় তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, পুরো শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে শিবলী রুবাইয়াত। পুঁজিবাজার ও শেয়ার বাজার থেকে কয়েক লক্ষ কোটি টাকা শেখ হাসিনা ও শেখ রেহানাকে অর্থায়ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রসঙ্গত, বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে তিনি আবার বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD