শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন




ইবি ছাত্রীকে নির্যাতনের ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:৪১ pm
NHRC এনএইচআরসি জামাকন National Human Rights Commission of Bangladesh জাতীয় মানবাধিকার কমিশন
file pic

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়সহ (ইবি) দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে কমিশন জানায়, গণমাধ্যমে প্রকাশিত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে একটি ছাত্রসংগঠনের কর্মীরা দীর্ঘসময় ধরে শারীরিক, মানসিক নির্যাতন ও ভিডিও ধারণসহ হয়রানি করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে মানবাধিকার কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা বেড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই কমিশন মনে করে, এহেন কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। এমন কর্মকাণ্ডের বিষয়ে এখনই ভাবতে হবে। সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের অভাব এ ক্ষেত্রে দৃশ্যমান।

এতে আরও বলা হয়, একজন শিক্ষার্থীর কাছে সমাজের প্রত্যাশা থাকে তারা পড়াশোনা এবং সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে দেশ ও সমাজের উন্নয়ন ঘটাবে। তাদের দ্বারা এমন কর্মকাণ্ড অন্যদেরও প্রভাবিত করতে পারে, যা সার্বিক পরিস্থিতির অবনতি ঘটাবে বলে আশঙ্কা করা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে কমিশন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD