২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা প্রকাশের জন্য একটা নীতিমালা হয়েছে। এই নীতিমালার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই নীতিমালা প্রণয়নের কাজ শেষ করা সম্ভব হবে। আর ২০২৪ সালের মার্চ মাসে রাজাকারদের তালিকা আমরা প্রকাশ করব।’
চলমান রাজনীতি প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির চলমান পদযাত্রা একটি অকার্যকর এবং অযৌক্তিক আন্দোলন কর্মসূচি। এ কর্মসূচি দিয়ে সরকার পতন করা যায়, তার নজির নেই।’
এর আগে শনিবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী রাজশাহীর বাগমারায় পৌঁছান। পরে তিনি বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাগমারা নিউমার্কেট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।
ওই সময় রাজশাহীর-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ডা. মনসুর রহমানসহ অনেকে।