মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন




খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে বক্তব্যে অনড় কৃষিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ৫:৩৮ pm
Mohammad Abdur Razzaque Minister of Agriculture কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
file pic

দণ্ড স্থগিত থাকা বিএনপিনেত্রী খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন বলে আগে যে বক্তব্য দিয়েছেন- সেই বক্তব্যে অনড় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২ মার্চ) নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক সংসদীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য পিম ভ্যান স্ট্রিয়েনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে ফের বক্তব্য দেন।

গত ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই। আইনমন্ত্রী আনিসুল হকও একই কথা বলেন। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না।

আপনি বলেছেন খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন। কিন্তু মন্ত্রিসভার অন্য সদস্যরা বলছেন রাজনীতি করতে পারবেন না। এ বিষয়ে ফের দৃষ্টি আকর্ষণ করা হলে কৃষিমন্ত্রী বলেন, ‘রাজনীতির বিষয়টি বুঝতে হবে। আইনে যাই থাক। ইরানের খোমেনির রাজনীতি কী বন্ধ ছিল? বঙ্গবন্ধু জেলে থেকে রাজনীতি করেছেন না। কনভিকশন (দণ্ডিত) হয়নি, কনভিকশন হলেই কী বঙ্গবন্ধু রাজনীতি বন্ধ করে দিতেন? আমি সেই জায়গা থেকে বলেছি। জেলে বসেও তো রাজনীতি করা যায়। আমি তো সেই কথাটিই আপনাদের বলেছিলাম। আবারও বলছি।’

তিনি বলেন, ‘সারা পৃথিবীতে তো বিদ্রোহী ও বিপ্লবীরা এভাবেই রাজনীতি করেছেন। খালেদা জিয়া ইলেকশনে যেতে পারবেন না, আইনের কারণে। কিন্তু তার রাজনীতির চিন্তা-চেতনা এগুলো কী তারা বন্ধ করে দেবে নাকি- যে আমি রাজনীতি করবো না।’

কিন্তু আপনারা মন্ত্রিসভার সদস্যরা একমত হতে পারছেন না কেন- প্রশ্ন করলে খানিকক্ষণ চুপ করে থাকেন আব্দুর রাজ্জাক। এরপর তিনি বলেন, ‘ক্যাবিনেট কলিগরা বলছেন কীভাবে? আমি ওনাদের সাথে কথা বলিনি, কী বলেছেন। আমাকে যদি কোনো কারণে জেল দেয়। লালু প্রসাদ কী রাজনীতি বন্ধ করেছেন? জয়ললিতারও তো দুর্নীতির জন্য (সাজা হয়)। তার মৃত্যুর পর মানুষ আত্মহত্যাও করেছে।’

‘আমাদের ওবায়দুল কাদের সাহেবও তো বলেছেন, তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতে পারবেন না, আইন অনুযায়ী। সংবিধানে আছে দু-বছরের বেশি সাজা হলে নির্বাচন করা যাবে না। কিন্তু রাজনীতিটা আপনি বন্ধ করবেন কেমনে?’

সংসদে শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, খালেদা জিয়া রাজনীতি না করার জন্য মুচলেকা দিয়েছেন- এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা আমি জানি না, কোথায় মুচলেকা দিয়েছেন খালেদা জিয়া। একটা জানি যে, তারেক জিয়া দিয়েছেন। বিদেশে যাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের কাছে তিনি দিয়ে গেছেন।’

নির্বাচনের ১০ মাস আগে আওয়ামী লীগ এই ইস্যুটাকে সামনে আনলো কেন- জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু না। আমরা মনে হয় এটা নিয়ে যেটুকু আলোচনা হয়েছে সেটা যথেষ্ট। আমি তো ভারতের দুটি উদাহরণ দিলামই।’

খালেদা জিয়া তো এখন নির্বাহী আদেশে মুক্ত আছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘জেলে থেকেও তো একজন মানুষ যোগাযোগ রাখতে পারেন। জেল দিয়ে কী কোনোদিন কারও রাজনীতি বন্ধ করা যাবে- যদি তিনি আদর্শবাদী রাজনীতিবিদ হন, দেশপ্রেমিক হন। গোপনে তিনি চিঠি লিখে পাঠালেন- কর্মীদের নির্দেশনা দিলেন। এটা করো, সেটা করো। আমি সেটা মিন করেছি। সেটা তিনি করতেই পারেন।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD