বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন




দীর্ঘদিন পর সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ৮:৪৬ pm
Govt মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয়
file pic

দীর্ঘদিন পর সচিবালয়ে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী সচিবালয় ত্যাগ করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে এসেছিলেন। সেই হিসেবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ে এলেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে গত বছরের ২৪ নভেম্বর সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ও সচিব সভায় প্রধানমন্ত্রীর সশরীরে উপস্থিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বাতিল হয়। দুটি সভায়ই প্রধানমন্ত্রীর কার্যালয়ে হয়েছিল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান শেষে সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় তার কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন।

প্রধানমন্ত্রী সেখানে গেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

প্রধানমন্ত্রীর সচিবালয়ে আসার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) সৈয়দা সালমা জাফরীন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে তার অফিসে বসেছিলেন। তবে স্পেসিফিক কোনো মিটিং করেননি।’

প্রধানমন্ত্রী আসবেন বলে সকাল থেকেই সচিবালয়ে ছিল নিরাপত্তায় কড়াকড়ি। ৬ নম্বর ভবনের চারপাশ ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রধানমন্ত্রী সচিবালয়ে অবস্থানকালীন এ ভবনের চারপাশে কোনো গাড়িও পার্কিং করতে দেওয়া হয়নি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD