শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন




ওয়াসার পানির মূল্যবৃদ্ধি আপাতত হচ্ছে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ৯:৪৯ pm
Managing Director WASA Taqsem A Khan ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক এমডি তাকসিম আহমেদ খান
file pic

বিধি প্রণয়ন না করে ঢাকা ওয়াসার পানির দাম নির্ধারণকে বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির দাম বাড়ানো যাবে না বলেও জানান আদালত।

তবে, ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্স বোনাস (উৎসাহ ভাতা) হিসেবে প্রণোদনা দেওয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়নি।

এ সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ওয়াসার পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৯ মার্চ) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অধ্যাপক ড. এম শামসুল আলম। ওয়াসার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন এ এম মাসুম ও ব্যারিস্টার সৈয়দ মাহাসিব হোসেন।

পরে ক্যাবের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, ঢাকা ওয়াসার পানির মূল্য নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। তবে আপিল বিভাগে আপিল চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির মূল্যবৃদ্ধির ওপর স্থগিতাদেশ দিয়েছেন। তবে পারফরম্যান্স বোনাসের ওপর দেওয়া স্থগিতাদেশ বহাল থাকছে।

বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩১ জুলাই কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন রিট করেন। রিটে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করা হয়। ওই রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ১৬ আগস্ট হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

রুলের শুনানি শেষে গত ১৬ মার্চ হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন।

রায়ে বিধি প্রণয়ন না করে পানির দাম নির্ধারণকে বেআইনি ঘোষণা করা হয়। তবে পানির দাম বাড়িয়ে কার্যকর এবং উৎসাহ ভাতাও কার্যকর করে ফেলায় সেগুলো মার্জনা করা হয়। ভবিষ্যতে বিধি প্রণয়ন না করা পর্যন্ত পানির দাম নির্ধারণ বা উৎসাহ ভাতা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেন আদালত।

হাইকোর্টে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর ঢাকা ওয়াসার পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাসুম ও সৈয়দ মাহসিব হোসেন।

রায়ের দিন জ্যোতির্ময় বড়ুয়া জানান, ঢাকা ওয়াসা আইন ১৯৯৬ এ সুস্পষ্টভাবে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পানির মূল্য বৃদ্ধির কথা বলা আছে। এরপরও কোনো বিধি প্রণয়ন ছাড়াই খেয়ালখুশি মতো পানির মূল্য বৃদ্ধি এবং অবৈধভাবে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্স বোনাস দেওয়াকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করে ক্যাব।

গত ১৬ মার্চ উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ বিধি বহির্ভূতভাবে পানির মূল্য নির্ধারণ ও পারফরম্যান্স বোনাস দেওয়াকে অবৈধ ঘোষণা করেন। যেহেতু অন্যায় কাজগুলো পূর্বেই সমাপ্ত হয়েছে তাই সেসব বাতিল না করে আদালত ক্ষমা করে দেন। কিন্তু ভবিষ্যতে বিধি ছাড়া যেন পানির মূল্য নির্ধারণ করা না হয় এবং পারফরম্যান্স বোনাস দেওয়া না হয় সে মর্মে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিধি প্রণয়ন না হওয়ায় পর্যন্ত জুডিশিয়াল গাইডলাইন করে দেওয়ার জন্য আদালতের কাছে যে আবেদন ছিল তা আপাতত মঞ্জুর করা থেকে বিরত থেকেছেন। আদালত প্রত্যাশা ব্যক্ত করেছেন যে সরকার অনতিবিলম্বে বিধি প্রণয়ন করে বিদ্যমান অসুবিধা দূর করবে।

এরপর রায় স্থগিত চেয়ে ওয়াসা আপিল বিভাগে আবেদন করে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD