চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর স্টেশনে লাইনচ্যুত হয়েছে। হাসানপুর স্টেশনে থেমে থাকা কন্টেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনারবাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি দুমড়ে মুচড়ে গেছে। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে ট্রেনের ইঞ্জিন ও ৬টি কোচ লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আহতের সংখা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোনার বাংলা ট্রেনটি হাসানপুর স্টেশনে থেমে থাকা কন্টেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ের ইনচার্জ জসিমউদ্দিন বলেন, সন্ধ্যার দিকে স্টেশনে থেমে থাকা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটির সঙ্গে ঢাকামুখী যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, লোডশেডিংয়ের কারণে হাসানপুর রেলস্টেশনের কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।