বন্ধ রয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাতটা থেকে কার্যক্রম বন্ধ থাকা ইউনিট থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হতো।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) শামীম হাসান বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তৃতীয় ইউনিটের স্টিম পাইপ ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। এটি বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় কারিগরি সমস্যা। আগামী দিন দুই-একের মধ্যে কেন্দ্রটি পুনরায় উৎপাদনে ফিরবে।
এদিকে বিদ্যুৎকেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বণিক বার্তাকে বলেন, কেন্দ্রের তৃতীয় ইউনিটের স্টিম পাইপ ফেটে গেছে। অতিরিক্ত তাপের কারণে মেরামত করতে সময় লাগছে। আশা করছি আগামীকালের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট সক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে তৃতীয় ইউনিটের সক্ষমতা ২৭৫ মেগাওয়াট। এ ইউনিট থেকে প্রতিদিন ২৭০ থেকে ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।
দেশের উত্তর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন ২ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা ব্যবহার করে উৎপাদন চালু রেখেছিল বিপিডিবি।
বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ (সিপিজিসিএল)।
সংস্থাটির একটি সূত্র জানায়, বর্তমানে এক নম্বর ইউনিট থেকে ৭০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। দুই নম্বর ইউনিটে ওভারহোলিংয়ের কাজ চলছে। এ ইউনিট দিয়ে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো।