শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন




বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করবে যুক্তরাজ্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৬ মে, ২০২৩ ৪:১২ pm
England London United Kingdom Great Britain ইউনাইটেড কিংডম ইউকে যুক্তরাজ্য ইংল্যান্ড গ্রেইট ব্রিটেন গ্রেট বৃটেন লন্ডন bangladesh বাংলাদেশ uk bd
file pic

ইউরোপের এয়ারবাস থেকে যাত্রী ও মালামাল পরিবহন বিমান কেনা এবং বাংলাদেশের এভিয়েশন সেক্টরের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য এভিয়েশন অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জয়েন্ট কমিউনিক সই করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য।

শুক্রবার (৫ মে) যুক্তরাজ্যের লন্ডনে দুই দেশের মধ্যে এই জয়েন্ট কমিউনিক সই হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে সে দেশের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন এতে সই করেন। এ সময় ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত ট্রেড এনভয় রোশনারা আলী।

জয়েন্ট কমিউনিক সইয়ের পর এক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন বলেন, ‘একটি কার্যকর এভিয়েশন পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন ইন্ড্রাস্ট্রি শক্তিশালী হওয়ার পাশাপাশি উভয় দেশেই নতুন কর্মসংস্থান তৈরি হবে।’

এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘এই উদ্যোগের ফলে এয়ারবাস এবং বাংলাদেশ বিমানের মধ্যে দীর্ঘ ও কার্যকর সম্পর্ক স্থাপিত হতে পারে, যার মাধ্যমে আরও শক্তিশালী হতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক।’

এই উদ্যোগের ফলে বাংলাদেশের এভিয়েশন ইন্ড্রাস্ট্রির উন্নয়ন হবে। পাশাপাশি যুক্তরাজ্যসহ এয়ারবাসের অন্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক হবে আরও দৃঢ়। এই বিমান কেনার ক্ষেত্রে যুক্তরাজ্যের এক্সপোর্ট ফাইন্যান্স থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধাও পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের এভিয়েশন সেক্টরের সম্প্রসারণ এবং এর বহুমাত্রিকতা আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি যাত্রী পরিবহন ও কার্গো ব্যবসার ক্ষেত্রে বিমানের সক্ষমতাকে অনেক উচ্চ স্থানে নিয়ে যেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD