বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার: খাদ্যমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ মে, ২০২৩ ৮:৪৫ pm
Sadhan Chandra Majumder Minister of Food খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
file pic

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এ দেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার অথচ বিএনপি এটা নিয়ে খুশি হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন- কারণ, তারা এ দেশের মানুষের জন্য রাজনীতি করে না। তাদের লক্ষ্য যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়া।

রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁর পোরশায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি। গরিব মানুষের চিকিৎসাসেবার জন্য কমিউনিটি ক্লিনিক তৈরি করেছিল শেখ হাসিনা সরকার। অথচ ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। মন্ত্রী বলেন, কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্যশস্যের বাম্পার ফলন হয়েছে। এ দেশে খাদ্যসংকট হবে না। কৃষকের জন্য সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে। বিনা মূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরে সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সব পর্যায়েই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে থেকেছেন। বঙ্গবন্ধু ছিলেন শান্তির প্রতীক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD