জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি দেশের প্রতিটি মানুষকে তিনটি করে গাছ লাগানোর অনুরোধ করতে চাই। যদি তাও সম্ভব না হয়, তবে অন্তত একটি করে গাছ লাগান।’ শিক্ষার্থীদের এ বিষয়ে ব্যাপক ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণকালে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের পরিবেশ রক্ষায় সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য।’
‘পরিবেশ মেলা ২০২৩’, ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান’ ও ‘বৃক্ষমেলা ২০২৩’-এর উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তিনটি চারা রোপণ করেন। এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘আজ বিশ্ব পরিবেশ দিবসে আমি গাছ লাগিয়েছি। আমি আশা করি- বাংলাদেশের সবাই (জনগণ) এটি (গাছ লাগাতে) অনুসরণ করবেন।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আজ থেকে শুরু হলো ‘পরিবেশ মেলা’ ও ‘জাতীয় বৃক্ষমেলা-২০২৩’। পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ থেকে ২৬ জুন এবং ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’। আর ‘পরিবেশ মেলা’র এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এবং জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’।
দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে যেখানে যেভাবে পারেন তিনটি করে গাছ লাগান, তা যদি না পারেন অন্তত একটি করে গাছ লাগান। আর ছাত্রছাত্রীদের আমি বলবো, প্রত্যেকে যার যার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়— সব জায়গায় গাছ লাগাতে পারেন। স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে বাউন্ডারি ওয়াল দেওয়া থাকে; এই ওয়ালের সঙ্গে সঙ্গে যদি আপনারা গাছ লাগান; দেখতেও সুন্দর লাগবে, পরিবেশও রক্ষা পাবে।’
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।