শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন




এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্রে, আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১২ জুন, ২০২৩ ৪:১২ pm
Md. Mahbub Hossain Cabinet Secretary মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন
file pic

জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনতে নতুন একটি আইন করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

এ আইন পাস হলে দেশের সব নাগরিককে একটি করে স্বতন্ত্র ‘আইডি নম্বর’ দেওয়া হবে। এই আইডি নম্বরই হবে যে কোনো ব্যক্তির পরিচিতি নম্বর। জন্মের পরই এই আইডি নম্বর দেওয়া হবে।

এখন বাংলাদেশে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম নিবন্ধনের নম্বর, পাসপোর্টের নম্বর সব আলাদা। এতে একজনের অনেকগুলো নম্বর বহন করতে হচ্ছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “আমাদের উদ্দেশ্য হল… সকল নাগরিকের ইউনিক নম্বর থাকা দরকার। সবার ইউনিক নম্বর থাকবে। সেটি দিয়েই তাকে চিহ্নিত করা হবে। জন্মের পর থেকে এই নম্বর পাওয়ার অধিকারী হবে। নতুন নিবন্ধক এটি করবেন। সফটওয়্যার বা যন্ত্রপাতি যা লাগবে সেগুলো সরকার দেবে। নিবন্ধক তার সুবিধামত অফিস স্থাপন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইন পাস হলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিচালিত হবে। যে কোনো নাগরিক জন্মের পর পরই নাগরিক সনদ বা নম্বর পাবে, এটি অপরিবর্তনীয় হবে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার পর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এখন যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তাদের এনআইডি নম্বর অপরিবর্তিত থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “এনআইডি নম্বর কন্টিনিউ হবে। যাদের এনআইডি নম্বর হয়নি তারা এখান থেকে নতুন নম্বর পাবে। যখন এই নম্বর পেয়ে গেল, আর কোনো নম্বর লাগবে না।

মাহবুব হোসেন জানান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার পর একজন নিবন্ধক এসব কাজ করবেন। তার আওতাধীন জনবল কাঠামো থাকবে। বিধি দিয়ে এসব নির্ধারণ করা হবে।

বাংলাদেশে ২০০৭ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) তৈরি করা হয়। তখন থেকে এর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে আসছে নির্বাচনের দায়িত্বে থাকা সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন।

২০১০ সালে ইসির অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ একটি আইনগত ও প্রাতিষ্ঠানিক ভিত্তিও পায়। পরে স্মার্ট এনআইডিও ইসির ব্যবস্থাপনায়ই হয়। এখন নানা ধরনের সেবা পেতে নাগরিকদের এনআইডি প্রয়োজন হয়।

২০২১ সলে সরকার এনআইডি কার্যক্রম ইসির হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলে তখনকার কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এর বিরোধিতা করে। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান ইসি সেভাবে বিরোধিতা না করলেও ইসি কর্মকর্তাদের আপত্তি রয়ে যায়।

এর মধ্যেই ২০২২ সালের ১০ অক্টোবর জাতীয় পরিচয় নিবন্ধনে নতুন আইনের খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়। সোমবার তা চূড়ান্ত অনুমোদন পেল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD