জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুইশ বক্তৃতা সম্বলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ‘ভায়েরা আমার’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন করা হয় বলে জানায় বাসস।
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এ বইয়ের নামটি শেখ হাসিনার দেওয়া, ভূমিকাও তিনি লিখেছেন।
ভূমিকায় তিনি লিখেছেন, “নতুন প্রজন্ম, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের বঙ্গবন্ধুর ভাষণ শুধু পড়াই নয়, সেগুলোর মর্মার্থ অনুধাবন করে নিজ নিজ জীবনে অনুশীলন করতে হবে।”
বঙ্গবন্ধুর ভাষণগুলো সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ নজরুল ইসলাম। বইটি প্রকাশ হয়েছে ‘জিনিয়াস’ পাবলিকেশন্স থেকে।
নজরুল ইসলাম বলেন, “ভাষণসমগ্রটি রাজনীতিবিদ, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আগামী প্রজন্মের জন্যে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।“
এই ‘ভাষণ সমগ্র’র বৈশিষ্ট্য হল, এখন পর্যন্ত শেখ মুজিবের যত ভাষণ পাওয়া গেছে সব এ বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বইটির দুইশ ভাষণের মধ্যে বাংলাদেশ বেতারের আর্কাইভ থেকে পাওয়া টেপ/সিডি থেকে একশরও বেশি ভাষণ সংগ্রহ করা হয়েছে। প্রতিটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশ ‘হাইলাইট’ করে আলাদাভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া সূচিতে ভাষণের বিষয়বস্তু, সাল ও তারিখ উল্লেখ করা হয়েছে।