বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন




পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান জাতিসংঘের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ ১১:১০ am
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব রাজনৈতিক দল, এর সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ লক্ষ্যে জনগণের শান্তিপূর্ণ সমাবেশ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস নোটে এ আহ্বান জানানো হয়।

প্রেস নোটে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে বিরোধী দলগুলোর বেশ কয়েকটি সমাবেশে সহিংস হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারীদেরও বিক্ষোভকারীদের মারতে অন্যান্য বস্তুর সঙ্গে হাতুড়ি, লাঠি, ব্যাট এবং লোহার রড ব্যবহার করতে দেখা গেছে। এসব সংঘর্ষে অনেক বিরোধীদলীয় সমর্থক ও কিছু পুলিশও আহত হয়েছেন। বিরোধী দলের সিনিয়র নেতাদের প্রকাশ্য

দিবালোকে মারধর করা হয়েছে। আর আইন প্রয়োগকারী সংগঠনের সদস্য পরিচয়ে তাদের বাড়িতে অভিযানও চালানো হয়েছে। এসব সমাবেশের আগে ও সমাবেশের সময় বিরোধী দলের শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

জাতিসংঘ বলছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার মেনে চলতে হবে এবং জনগণের শান্তিপূর্ণ সমাবেশ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তৃতীয় কোনো পক্ষ যাতে এসব অধিকার চর্চার প্রচেষ্টাকে দমাতে না পারে, সেটিও তাদের নিশ্চিত করতে হবে। আমরা পুলিশের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা যেন শুধু একান্ত প্রয়োজন হলেই বলপ্রয়োগ করেন। আর সেক্ষেত্রেও বলপ্রয়োগ হতে হবে আইন মেনে, সংযমের সঙ্গে এবং সংশ্লিষ্ট নীতি অনুসরণ করে। মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের বিষয়টি অবশ্যই তদন্ত করতে হবে এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রেস নোটে আরও বলা হয়, আমরা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, আগামী বছরের নির্বাচনের আগে যারা রাজনৈতিক প্রচার শুরু করেছেন তাদের সবার জন্য যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়। তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বহু দলীয় রাজনীতি এবং ভিন্নমত প্রকাশের প্রতি সম্মান জানাতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD