রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের জিম্মি করে অর্থ আদায় ও প্রতারণার অভিযোগে তিন নারীসহ ছয় দালালকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত রংপুর মেডিক্যালে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়াসহ প্রতারণা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আসিফ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি ক্রাইম উৎপল রায় দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করে।
গাইনি বিভাগে চিকিৎসাধীন লালমনিরহাট থেকে আসা লাইলী বেগম বলেন, ‘দুই নারী দালাল জেসমিন আর রুনা আখতারকে গাইনি ওয়ার্ডে পাঁচদিন ধরে দেখছি। তারা আয়া বলে পরিচয় দিয়ে তাকে বার বার হাসপাতাল ছেড়ে ক্লিনিকে ভর্তি হওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। তারা বলেছে হাসপাতালে ভালো চিকিৎসা হবে না বাইরে ভালো ক্লিনিক আছে। আটক হওয়ার পর বুঝলাম ওরা হাসপাতালের স্টাফ নয়, দালাল।এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আসিফ জানান, দালালদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে রোগী ও স্বজনরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’
রংপুর মেট্রোপলিটান পুলিশের এডিসি (ক্রাইম) উৎপল রায় জানান, রংপুর মেডিক্যালে দালালদের দৌরাত্ম মারাত্মকভাবে বেড়েছে। বিভিন্ন জেলা, উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত দালালদের হাতে প্রতারিত হচ্ছেন। আমরা এমন অরাজকতা আর চলতে দিবো না। দালালবিরোধী অভিযান এখন থেকে চলবে।