মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন




ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৪:০৫ pm
Prof Dr ASM Maksud Kamal 29th Vice Chancellor Dhaka University ঢাবি ভিসি du vc ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৪ নভেম্বর থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।

অধ্যাপক মাকসুদ কামাল বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক মো. আখতারুজ্জামানের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের শুরুতে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে—

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন;

এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন;

তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;

এ আদেশ আগামী ৪ নভেম্বর থেকে কার্যকর হবে।

নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ২০২০ সালের জুন মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। এর পূর্বে তিনি ভূতত্ত্ব বিভাগে অধ্যাপক পদে কর্মরত ছিলেন। অধ্যাপক মাকসুদ কামাল গত বছরের এপ্রিল থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন।

অধ্যাপক মাকসুদ কামাল ২০০০ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগ দেন। একই বিভাগে ২০১০ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বৈজ্ঞানিক কর্মকর্তার পদে প্রায় ছয় বছর কাজ করেন। মাকসুদ কামাল ভূমিকম্প ও সুনামি এবং নগর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।

অধ্যাপক মাকসুদ কামাল ১৯৮২ সালে এসএসসি ও ১৯৮৪ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে ১৯৮৮ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৪ সালে তিনি জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি (টিটিটি) থেকে ভূমিকম্পবিষয়ক প্রকৌশলে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর ৬৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার মেয়াদে সভাপতি ও তিন মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিন মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বাড়ি লক্ষ্মীপুরে। তাঁর অগ্রজ সদ্য প্রয়াত এ কে এম শাহজাহান কামাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD