রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন




জামায়াত নেতা আজহারের আপিল শুনানি ফের বৃহস্পতিবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫ ১:২৯ am
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

অবশেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগে প্রথম দিনের মতো শুনানি শেষ হয়েছে। ৮ই মে (বৃহস্পতিবার) ফের শুনানি হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ পরবর্তী শুনানির এ দিন ধার্য রাখেন।
এটিএম আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিব মোমেন। আদালতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনও উপস্থিত ছিলেন। পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, এই মামলার রিভিউ থেকে উদ্ভূত আপিল মামলার শুনানি শুরু হয়েছে। আজকে আমাদের পক্ষের শুনানি প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। বাকি ১০ ভাগ শুনানি বৃহস্পতিবার শেষ হবে। এদিন শুনানির জন্য রিভিউ আবেদনটি এক নম্বর আইটেম হিসেবে কার্য তালিকায় থাকবে। অপরদিকে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসান সাংবাদিকদের বলেন, এই মামলায় এটিএম আজহারুল ইসলাম বনাম চিফ প্রসিকিউটর মোট ২টি পক্ষ। আজকে এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা তাদের পক্ষের সাবমিশন দিয়েছেন। চিফ প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে আমরা আপিল বিভাগে উপস্থিত ছিলাম। এটিএম আজহার সাহেবের পক্ষের সকল আর্গুমেন্ট শুনেছি, নোট করেছি, আমরা এগুলো পর্যালোচনা করবো, সরকারের পরামর্শ নিবো। বৃহস্পতিবারে আসামি পক্ষের আইনজীবীরা তাদের সাবমিশন শেষ করলে আমরা সেদিন থেকে শুরু করবো।

তিনি বলেন, আসামি পক্ষের আইনজীবীরা মূলত ৩টা পয়েন্টের উপর আর্গুমেন্ট রেখেছেন। একটা হচ্ছে, কাস্টমারি ইন্টারন্যাশনাল ল’ এখানে এপ্লিকেবল কিনা। এ ব্যাপারে প্রসিকিউশনের কোনো দ্বিমত নেই। কারণ সরকার, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ (২০২৪ অনুযায়ী সংশোধিত) আইনে রোম স্ট্যাটিউট বা সংবিধি এ অপরাধের সংজ্ঞা যুক্ত করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, তৎকালীন সরকারের পক্ষ থেকে যে প্রসিকিউশনটা করা হয়েছিল তা ছিল আস্থাহীন এবং বিতর্কিত। আমরা এটা পর্যালোচনা করে দেখবো। সর্বশেষ যে বিষয়টি তা হচ্ছে, ফ্যাকচুয়াল আর্গুমেন্টের বিষয়ে আমরা দেখে শুনে জবাব দেবো।

বেকসুর খালাসের পক্ষে যেসব যুক্তি তুলে ধরেন: শুনানির শুরুতে কোন কোন অভিযোগে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগ আজহারুলকে কী দণ্ডাদেশ দিয়েছেন, তা তুলে ধরেন এটিএম আজহারুলের আইনজীবী শিশির মনির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব বিচার নিয়ে প্রশ্ন তুলে ধরেন। তিনি আদালতকে বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয়েছে সংক্ষিপ্ত রায়ের আলোকে। সে সময় আমরা আদালতে এর বিরোধিতা করেছিলাম। কিন্তু সেটি শোনা হয়নি। বিরোধিতা ছাড়া আমাদের কিছুই করার ছিল না। প্রয়াত সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তখন বলেছিলেন-আমার প্র্যাকটিস জীবনের ৫৩ বছরে এমনটি দেখিনি। তার কথাও কর্ণপাত করা হয়নি। কোর্টে আসার পরিবেশ নেই। শিশির মনির আদালতকে বলেন, আন্তর্জাতিক অপরাধের বিচার করা হয়েছে ডমেস্টিক আইনে। সেখানে আন্তর্জাতিক আইন মানা হয়নি। উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে আইনজীবী শিশির মনির বলেন, ২০১৩ সালের ১২ই ডিসেম্বর কাদের মোল্লার ক্ষেত্রে এটা করা হয়। কারণ ৫ই জানুয়ারি নির্বাচন ছিল দেশে। নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে- তাই এটা করা হয়। তিনি আরও বলেন, রিভিউ যখন খারিজ হয়, কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো। কিন্তু সংক্ষিপ্ত রায়ে লেখা ছিল না কী কারণে রিভিউ খারিজ করা হলো। সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয়। শুধু তাই নয়, তখনকার ট্রাইব্যুনাল থেকে রাষ্ট্রপক্ষের এক সাক্ষী সুখরঞ্জন বালিকে তুলে নেয়া হয় সাদা একটি মাইক্রোবাসে। তার অপরাধ ছিল তিনি আদালতের কাছে সত্যটা তুলে ধরবেন।

শুনানি শেষে শিশির মনির সাংবাদিকদের বলেন, শিশির মনির বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জামায়াতের নেতৃবৃন্দের ফাঁসি নির্দিষ্ট সময়ের আগেই কার্যকর করা হয়েছে। জামায়াত নেতা এটিএম আজহার সাহেব এখনো বেঁচে আছেন। আজহার সাহেবের ফাঁসি কার্যকর করার জন্যও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে রায় দেয়া হয়েছিল। যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোনো থানায় একটা সাধারণ ডায়েরিও ছিল না। চাক্ষুস যেসব সাক্ষীর ভিত্তিতে এটিএম আজহারকে সাজা দেয়া হয়েছে সেগুলো বিশ্বাসযোগ্য ছিল না। এসব সাক্ষীর অনেকেই ৩ থেকে ৪ কিলোমিটার দূর থেকে দেখেছেন। যা বৈজ্ঞানিকভাবে একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এসব সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসি দেয়াটা আইনত ঠিক হয়নি। এমনকি এই মামলায় সাক্ষ্যগ্রহণ ঠিকমতো হয়নি। পুলিশের কাছে দেয়া ১৭ জন সাক্ষী আদালতে এসে সাক্ষী দেয়নি। পুলিশের কাছে দেয়া সাক্ষীকে আদালতের সাক্ষী দিয়েছে মর্মে গ্রহণ করা হয়। এর ফলে আসামিপক্ষ সাক্ষীদের ক্রসচেক করার সুযোগ পায়নি। যাদের ক্রসচেকের সুযোগ হয়েছে, তাদের অনেকেরই আদালতের বক্তব্যের সঙ্গে মামলার আইও’র কাছে দেয়া স্টেটমেন্টের মিল পাওয়া যায়নি। সাক্ষীরা আদালতে না আসা সত্ত্বেও আমাদের কোনো কন্ট্রাডিকশন নিতে দেয়া হয় নাই। এমনকি ইন্টারন্যাশনাল ল’ অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে না, এই মর্মে আপিল বিভাগ আগে রায় দিয়েছেন কাদের মোল্লার মামলায়। আমরা আজকে আদালতে বলেছি আন্তর্জাতিক আইনের প্রয়োগ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কিংবা এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব নয়। আমরা আশা করবো- আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ অবশ্যই ইতিবাচক অর্থে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ডিসাইট করবেন। একই ভাবে এটিএম আজহারকে ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর চার্জে যে মৃত্যুদণ্ড দিয়েছেন, তা থেকে আজহারকে বেকসুর খালাস প্রদান করবেন। আমরা এটাও মনে করি, কাদের মোল্লার রিভিউ যখন খারিজ হয় তখন কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো। কিন্তু সংক্ষিপ্ত রায়ে তা লেখা ছিল না। ভারতীয় উপমহাদেশে ৪০০ বছরের ইতিহাসে এমন নজির নেই। তিনি আরও বলেন, তারপরও একটি রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার পরে একটি সংক্ষিপ্ত আদেশে তড়িঘড়ি করে ২০১৩ সালের ১২ই ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। যেহেতু ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন ছিল দেশে। প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে। তাই নির্বাচনের আগে এই ফাঁসি দেয়া হয়। এসব কিছু নিয়েই প্রশ্ন উঠবে। সব কিছুই আদালতের রায়ের মধ্যে আসবে। অতীতে যাদের ব্যাপারে এধরনের অবিচার করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কি পদ্ধতিতে এবং কোন ফাউন্ডিংয়ের ভিত্তিতে কার্যকর করা হয়েছে সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি। আমরা আশা করবো- উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ এগুলোর সম্মানজনক সমাধান করবেন।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে। ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম। এ ছাড়া ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানির পর ২০১৯ সালের ৩১শে অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে) ও ৬ নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়। আর ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। ওই দিন আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী (প্রয়াত) খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন (প্রয়াত) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD