রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন




ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: সমাবেশে তারেক রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫ ৬:১৭ pm
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হবে। এজন্য বিএনপি নেতাকর্মী ও যুব সমাজকে প্রস্তুতি নিতে হবে।

বিকালে নয়া পল্টনে বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’ তারেক রহমান এই স্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেয়া ঠিক হবে না। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না।

আপনাদের কেউ নির্বাচন করতে চাইলে সরকার থেকে বের হয়ে এসে নির্বাচন করুন।
তিনি বলেন, এখানে যে তরুণ সমাজ উপস্থিত তারা, দেশে নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি নির্বাচনে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায়নি। অতীতে পলাতক সরকারের কাছেও নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ ছিল না। এই অন্তর্বর্তীকালীন সরকারের এ পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে দৃশ্যমান কিছু আমরা দেখতে পাচ্ছি না।

তিনি বলেন, অতীতে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করেছে। আমরা দেখছি ১০ মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দেখতে চাই।
আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, আবারো বলছি, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। অল্প ও বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে এ আলোচনা। সমাবেশ ঘিরে সকাল থেকে নয়া পল্টনে নেতাকর্মীদের ঢল নামে। বিকালে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজিত বিভাগীয় পর্যায়ের ধারাবাহিক এই কর্মসূচি ঢাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। নয়া পল্টনের সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

নয়া পল্টনে ‘তারুণ্যের সমাবেশ’, নেতাকর্মীর ঢল

বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত রাজধানীর নয়া পল্টনে শুরু হয়েছে ‘তারুণ্যের সমাবেশ’।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে বড় একটি ইলেক্ট্রনিক পর্দা স্থাপন করা হয়েছে, যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি দেখা যাবে।

সভাপতি এম মোনায়েম মুন্নার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগের সমাবেশগুলোর মত এবারো লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন।

বেলা সাড়ে ১১টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে আসতে শুরু করেন। দুপুর ১টার নেতা-কর্মীদের উপস্থিতিতে কাকরাইল থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক মুখর হয়ে ওঠে।

ঢাকার এই সমাবেশে ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন।

রঙ-বেরঙের ক্যাপ পরা নেতাকর্মীদের হাতে ছিল লাল-সবুজ জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। এ সময় ‘তারুণরা বিএনপির ভ্যানগার্ড’ বলে স্লোগান দিয়েছেন। সমাবেশ শুরুর আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস শিল্পীরা গান পরিবেশ করেছেন।

সমাবেশ শুরুর আগে এম মুনায়ের মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দেশে মাসজুড়ে আমাদের যে কর্মসূচি ছিল এটা সামগ্রিভাবে সফল হয়েছে। তরুণ-যুবক-ছাত্রদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে।

‘‘ আপনি দেখুন, আজকের এই সমাবেশে লক্ষ লক্ষ তরুণ-যুবকদের উপস্থিতি। এটা কী জানান দিচ্ছে? তরুণ-যুবকরাই একটা বিশাল শক্তি।”

তরুণ-যুবকদের সংগঠিত করতে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে মে মাস জুড়ে সারাদেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর বিভাগে ভাগ করে চারটি বড় বিভাগ ও শহরে ‘সেমিনার’ এবং ‘তারুণ্যের সমাবেশ’ করার কর্মসূচির ঘোষণা করেছিল।

যা নয়া পল্টনের সমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি হতে যাচ্ছে। এর অংশ হিসেবে গত ৯ ও ১০ মে চট্টগ্রাম, ১৬ ও ১৭ মে খুলনা এবং ২৩ ও ২৪ মে বগুড়া সেমিনার ও সমাবেশ হয়েছে।

চট্টগ্রামে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’, খুলনায় ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ এবং বগুড়ায় ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজধানীতে মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার।

তারুণের এই সমাবেশের বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD