শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন




ড. ইউনূস-তারেকের বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ১:১৪ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাক্ষাৎ ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি।

সাক্ষাতের বিষয়ে ফখরুল বলেন, ‘সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, সে ক্ষেত্রে এটা একটা বড় ইভেন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, যদি সবকিছু সঠিকভাবে চলে। তাহলে নিঃসন্দেহে এটা টার্নিং পয়েন্ট হতে পারে।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।’

উল্লেখ্য, লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে আগামী শুক্রবার সকালে একটি অভিজাত হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সফরকালে বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজার হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

মির্জা ফখরুল বলেন, শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১ মধ্যে ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি।

তিনি বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। এটা বড় পলিটিক্যাল ইভেন্ট। জাতীয় ও আন্তর্জাতিভাবে এই বৈঠকের গুরুত্ব অনেক। অনেক কিছুর ডাইমেনশনে হতে পারে। স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোন বিষয় সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে।

ইউনূস-তারেকের বৈঠকে রাজনৈতিক নানা সমাধান হতে পারে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বৈঠকের মধ্য দিয়ে বিভিন্ন সুযোগ তৈরি হবে, তবে সব সমাধান হবে না৷ কারণ ১৫ বছরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে।

ভোটের জন্য এপ্রিল মাস সঠিক না মন্তব্য করে তিনি বলেন, ভোটের জন্য এপ্রিল মাসটা ঠিক না। আশা করি সরকার বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবে। রমজানের পর ভোট হলে ব্যয় দিগুণ হবে।

তিনি আরও বলেন, সরকার বিএনপি তাদের আর্দশ অনুযায়ী সংস্কারের প্রস্তাবনা ও সমর্থন দিচ্ছে। অন্য কোন রাজনৈতিক দলের মন মতো হবে না। আলোচনার মাধ্যমে ঐক্যমত হবে যেসব তা নিয়ে বাস্তবায়ন হবে, বাকিগুলো নিয়ে সংসদে আলোচনা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD