শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন




আরো একটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৯:০৮ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান Jammat Amir amir
file pic

জাতীয় ঐক্যের নামে অহংকার, তুচ্ছতাচ্ছিল্য আর অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আবু সাঈদরা যদি বুক পেতে না দিত, হয়তো আজকের বাংলাদেশ আমরা দেখতাম না। অনেকের জীবন হয়তো ফ্যাসিবাদীদের হাতে চলে যেতো। আজকে যারা বিভিন্নভাবে দাবি-দাওয়া তুলে ধরছেন, তখন তারা কোথায় থাকতেন? সুতরাং অহংকার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে কাউকে ছোট করে কথা না বলি। না হলে আমরা বুঝে নেবো, স্বৈরাচারের বীজ তাদের মনে বাসা বেঁধেছে। তিনি বলেন, জাতীয় ঐক্যের বীজতলা রক্ষা করতে হবে। গতকাল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়র্দী উদ্যানে সাত দফা দাবিতে আয়োজিত জাতীয় সমাবেশে জামায়াত আমীর এসব কথা বলেন।
বক্তব্যের একপর্যায়ে ৫টা ২২ মিনিটে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান আকস্মিক অসুস্থ হয়ে পড়ে যান। তখন মঞ্চে থাকা নেতারা তাকে ধরাধরি করে তোলেন। মিনিটখানেক অপেক্ষা করে তিনি আবার বক্তব্য শুরু করেন। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়ে যান। এরপর মঞ্চে থাকা দলের নেতারা তাকে ধরে বসান। তখন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গরমের জন্য আমীরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলেছেন, তার আর বক্তব্য দেয়া ঠিক হবে না। তবে, খানিকটা সময় অপেক্ষা করে না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসেই বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এসময় তার পাশে চিকিৎসকদেরও দেখা যায়। এই অবস্থায় প্রায় ১০ মিনিট বক্তব্য দেন জামায়াত আমীর। তিনি বলেন, জীবন থাকা পর্যন্ত এদেশের জন্য কাজ করে যাব। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার দুর্ভাগ্য আমি আন্দোলনে শহীদ হতে পারিনি। আগামীতে যে আন্দোলন হবে, আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন। তিনি বলেন, এখন থেকে বাংলাদেশে পুরোনো কোন কিছুই থাকবে না। পুরোনো এই বস্তা পচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এতো লোক জীবন দিল। জামায়াত আমীর আরও বলেন, জাতীয় ঐক্যকে ধারণ করুন। অহংকার নয়, সংযম দেখান। অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। সেই লড়াইয়ে আমরা জিতেছি। এখন আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির মূলোৎপাটনে আমরা ঐক্যবদ্ধ থাকব। জামায়াতে ইসলামী সেই লড়াইয়ে ছিল, থাকবে এবং জয়লাভ করবে ইনশাআল্লাহ।
বক্তব্যের শুরুতে তিন নেতাকর্মীর মৃত্যুর খবর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশে অংশ নিতে গিয়ে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন। তিনি বলেন, জাতির সামনে আমাদের অনেক করণীয়। অতীতে বুক পেতে দিয়ে জামায়াত শহীদ দিয়েছে। আজ যারা নতুন কথা বলছেন, তাদের অতীতের অবস্থান ইতিহাসে নেই। সুতরাং আমরা জাতীয় ঐক্য চাই। কিন্তু জাতিকে কারো ছোট করে কথা বলার অধিকার নেই। কোনও নির্দিষ্ট শ্রেণির মুক্তির জন্য এই লড়াই নয়। ইনসাফের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা জন্য আমাদের এই লড়াই।
আজকে আমি জামায়াত আমীর হয়ে কথা বলতে আসিনি, এসেছি ১৬ কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমি বোনদের ভাই। সুতরাং, তাদের মুক্তির জন্য আজকে দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছিলাম। রাস্তার একজন পরিচ্ছন্নতাকর্মী, গায়ের ঘাম ঝরানো ভাইরা তাদের জন্য কথা বলতে এসেছি। কোনো অভিজাত শ্রেণির হয়ে কথা বলতে আসিনি।
স্টেজের মেঝেতে বসেই জামায়াত আমীর এ সব কথা বলেন। এ সময় তিনি বলেন, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন জনগণের জন্য লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের যদি সুযোগ দেন তাহলে মালিক হবো না, সেবক হবো। আমরা নির্দেশনা দিচ্ছি, জামায়াত থেকে আগামীতে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার গ্রহণ করবেন না। তারা ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না। নিজ হাতে টাকা চালাচালি করবেন না।
জাতীয় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রব্বানী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, গণ-অধিকার পরিষদের চেয়ারম্যান নূরুল হক নূর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামে ইসলামের মহাসচিব মুসা বিন ইযহার, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন প্রমুখ। সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের যৌথ পরিচালনায় জাতীয় সমাবেশে উপস্থিত ছিলেন নায়েবে আমীর, সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, এড. মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, আবদুর রব, অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।
জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য এটি এম আজহারুল ইসলাম বলেন, আমাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর সমস্ত প্রচেষ্টা চালানো হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমি জেল থেকে মুক্ত হয়েছি। ফাঁসির মঞ্চ থেকে রাজনীতির মঞ্চে আজ হাজির হয়েছি। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের ১০ জনকে এবং ৫ জনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে। যারা এসকল হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদের বিচার করতে হবে। নির্যাতন করে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় না। কোন শক্তি জামায়াতে ইসলামীকে দাবিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আমাদের নেতাকর্মীরা পালিয়ে যায় না। মীর কাশেম আলী রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশে এসেছিলো তাকে ফাঁসি দেয়া হয়েছিলো। আমাদের দু’জন মন্ত্রী ছিল, ৫ বছরের শাসন আমলে তাদের বিরুদ্ধে একটি পয়সার দুর্নীতির অভিযোগ দিতে পারেনি।
জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজকের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামী সকল ধর্ম ও বর্ণের নারী-পুরুষের দল। আমরা কোনও সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে সমর্থন করি না, পাশাপাশি রাজনৈতিক জঙ্গিবাদকেও আমরা সমর্থন করি না। এদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোন সুযোগ নেই। যারা পুরোনো কায়দায় এ দেশে শাসন করতে চায়, জনগণ তাদেরকে সে সুযোগ দেবে না। তিনি আরও বলেন, প্রত্যেকে বলে সংস্কার মানি কিন্তু ঐকমত্য কমিশনের মিটিংয়ে বলে মানি না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট সুষ্ঠু হবে। আপনারা কি নির্বাচনে জিতবেন নাকি আগামী পার্লামেন্ট দখল করবেন? আগামী নির্বাচনে জনগণ যাদের ভোট দিবে তারা জিতবে। জিয়াউর রহমান ১৯৭৭ সালে দু’টি অধ্যাদেশ দিয়েছিলেন, তখন গণভোট দিয়েছিলেন। এজন্য জুলাই সনদ অধ্যাদেশের মাধ্যমে দিতে হবে।
এদিকে, সকাল ১০টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাবেশ শুরু হলেও মূল পর্ব শুরু হয় বেলা ২টায়। তবে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মানুষের ঢল নামে। বেলা বাড়ার সাথে সাথে পুরো উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এছাড়া উদ্যানের চারপাশ ছিল লোকে লোকারন্য। এতে উদ্যান সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবারের সমাবেশে অংশ নিতে শুক্রবার রাতে রাজধানীর বাইরের জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকরা সমাবেশ স্থলে জড়ো হতে থাকে।
অন্য দলের নেতারা যা বললেন
জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে এনসিপি, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামপন্থী দলের নেতারা অংশগ্রহণ করেছেন। এসময় বক্তারা জামাইয়াতের ৭ দফার সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন, চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জুলাই গণহত্যার বিচারের দাবি জানান। ছাত্রজনতার অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবাররা সমাবেশে যোগ দিয়ে জুলাই গণহত্যার বিচার ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আহবান জানান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে মুজিবাদিদের ষড়যন্ত্র শেষ হয়নি। বাংলাদেশ এখনও মুজিববাদিরা সক্রিয় রয়েছে। বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্ত মুজিববাদ ও স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতপন্থিরা সক্রিয় হচ্ছে। এ বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যের জায়গা হবে না। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। বিচারবিভাগ এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কোনও দলের পক্ষ হয়ে কাজ করুক এটা আমরা চাই না। কেউ যদি চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলদারিত্ব করে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবো।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু ক্ষমতার পালাবদলের জন্য ২৪ এর অভ্যুত্থান হয়নি। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। এ দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে মৌলিক সংস্কার করতে হবে, পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়না তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। তিনি আরও বলেন, বিগত সরকার ইসলাম পালনের ন্যুনতম অধিকার এদেশের মানুষকে দেয়নি। বাংলাদেশে ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে, সেজন্য তাদের দোসরদের বিচার করতে হবে। রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস করতে দেয়া যাবে না।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, আজকের সমাবেশ প্রমাণ করেছে এ দেশের ইসলামপন্থিরা বেঁচে আছে। জুলাই পরবর্তীতে বাংলাদেশের জনগণের মধ্যে যে আশা তৈরি হয়েছে, সে আশা আমরা বাস্তবায়ন চাই। ফ্যাসিবাদ ও তাদের দোসরদের অবিলম্বে দৃশ্যমান বিচারের দাবি জানান তিনি। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমরা চাই, জোর করে কেউ যেন নির্বাচনের কেন্দ্র দখল করতে না পারে। যেনতেন নির্বাচন আমরা মেনে নেবো না। বর্তমানে ইসলামপন্থিদের ঐক্য প্রয়োজন, ইসলামি ঐক্যের কোনও বিকল্প নেই।
জাতীয় হিন্দু মহজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছে রাজনৈতিকভাবে বন্দি ছিলাম। বিগত সময়ে যারা এদেশ শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে প্রতারণা করেছে। আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার একটা উপজেলায় ২০০ জন হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছিল, তারা এসব ন্যাক্কাারজনক ঘটনার বিচার করেনি। কিছুদিন আগেও পার্বত্য চট্রগ্রামে একজন আধীবাসি নারীকে ৪ জন বিএনপি কর্মী ধর্ষণ করেছে। বর্তমানে সারা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস চলছে। আমরা আর ফ্যাসিবাদ চাই না। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে।
ডা. ফয়জুল হক বলেন, আগামী বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেয়া হবে না। রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে। আগামীতে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করা হবে।
হেফাজতের নায়েবে আমীর মহিউদ্দিন রব্বানী বলেন, ফ্যাসিস্টদের এ দেশের জনগণ চিরতরে বিদায় করেছে। সকল দলমতকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোন বিকল্প নেই। তা নাহলে ফ্যাসিস্ট পুনরায় ফিরবে, তাহলে এর দায় দায়িত্ব আপনাদের ওপর বর্তাবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন আমরা মানবো না। গাজায় কি তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে?
ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, এদেশের মানুষ পরিবর্তন চায়, একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ চায়। এ দেশে বিগত সময়ে অনেক শাসন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ থেকে এদেশের মানুষ রক্ষা পায়নি। আওয়ামী লীগ একটা গজব, আজাব, টাকা পাচারকারী, গণহত্যাকারীর নাম। ঐক্য না থাকলে আবার ফ্যাসিস্ট ফিরে আসবে, তা না হলে পিঠের চামড়া থাকবে না। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, কিন্তু একটি দল চায় না, তারা ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আল্লাহ তায়ালা মানুষকে ধন সম্পদ দিয়ে এবং নিয়ে পরীক্ষা করেন। গত ১৬ বছরে আল্লাহ তায়ালা আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিয়েছেন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বিধায় ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। গণ-অভ্যুত্থানে আমাদের অংশীদারদের মধ্যে একটি অংশ জালিম হয়ে ওঠছে। আমরা তাদেরকে বলতে চাই, এমন হলে শেখ হাসিনার মতো আল্লাহ আপনাদেরকে ছাড় দিবেন না। মৌলিক সংস্কার না করে নির্বাচন করা হবে না। তিনি আরও বলেন নির্বাচনে নিরপেক্ষ প্রশাসন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জনগণের ভোগান্তি নিরসনে স্থানীয় সরকার নির্বাচনে অবিলম্বে দিতে হবে। ঢাকসুসহ সকল ছাত্র সংসদের নির্বাচন দিতে হবে। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা ঐক্যবদ্ধ হয়ে এ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই সনদ ঘোষণা করবো।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার বলার পর তিনি দিল্লি পালাতে বাধ্য হয়েছেন। এখন নতুন করে আবার এক দলের পক্ষ থেকে রাজাকার বলা হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। চাঁদাবাজি, পাথর ছুঁড়ে মানুষ হত্যার মতো ঘটনাকে ভবিষ্যতের বাংলাদেশ আর দেখতে চান না। তিনি জামায়াতের ৭ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে জুলাইয়ের গণহত্যা নিশ্চিতের আহ্বান জানান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD