রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন




জুলাইয়ের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৯:০৭ pm
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic/Reuters

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স আহরণে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। গত ২১ দিনে দেশে এসেছে ১৬৯ কোটি ৬০ লাখ (১.৬৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৮ লাখ ডলার রেমিট্যান্স। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, চলতি জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২৪ সালের ১ থেকে ২১ জুলাই পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ডলার। সেই হিসাবে চলতি বছর একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৮.৬০ শতাংশ। এছাড়া গত ২১ জুলাই একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে নানা প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে অভিযানে তৎপরতা এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি- এসব কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, জুলাই মাসের বাকি দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকলে মাসশেষে রেমিট্যান্স প্রবাহ ২.৫ বিলিয়ন ডলার ছুঁতে পারে, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য অর্জন হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD