বিচার, সংস্কার ও নির্বাচন এই তিনটি প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এর ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় নেমে আসতে পারে।’ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার আয়োজনে ‘জুলাই স্মরণ সভায়’ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘শহীদ পরিবারের সদস্যরা কোনো বিচার না দেখে নির্বাচনে আগ্রহী নন। তাদের দাবি, যারা জঘন্য অপরাধ করেছে, অন্তত কয়েকজনের বিচার দৃশ্যমান হতে হবে।’
তিনি জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘সেখানে কিছু অপূর্ণতা ছিল, তা পূরণ করে বিচার নিশ্চিত করতে হবে। আমাদের ওপর অবিচার হয়েছে। আমাদের নেতাদের বিচারিক হত্যা করা হয়েছে। এমন বিচার আর দেখতে চাই না।’
শফিকুর রহমান বলেন, ‘বিচার যেন শতভাগ স্বচ্ছ ও ন্যায়ের ভিত্তিতে হয়। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠা পেলে কেউই পার পাবে না। যারা খুন করেছে, তারা যেন ন্যায্য শাস্তি পায় এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হয়।’
তিনি আরও বলেন, ‘সরকার গঠনের সুযোগ পেলে কিংবা বিরোধী দলে থাকলেও জামায়াতের ভূমিকা হবে স্পষ্ট, ন্যায়নিষ্ঠ ও অকুতোভয়। আমরা কাউকে ভয় করি না, শুধু আল্লাহকে। দায়বদ্ধ থাকব নিজের বিবেক ও দেশবাসীর কাছে। অন্য দলগুলোর কাছ থেকেও আমরা একই প্রতিশ্রুতি আশা করি।’
সরকার গঠনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘কে সরকার গঠন করবে তা বড় কথা নয়। কিন্তু যারাই ক্ষমতায় আসুক, তারা যেন জাতির এই আমানত রক্ষা করেন। আমাদের যেন কেউ বিশ্বাসঘাতক না বলতে পারে। সরকার ও বিচার বিভাগ আপসহীনভাবে চলবে-এই প্রত্যাশা করি।’